রিয়ালের জয়জয়কার

দুই যুগ পর প্রিমিয়ার লিগের শিরোপার স্বপ্ন নিয়ে বছরটা শুরু করেছিল লিভারপুল। কিন্তু শেষ পর্যন্ত সেটা স্বপ্নই রয়ে গেছে। শেষ দিকের নাটকীয়তায় ট্রফি গেছে ইতিহাদে। বুন্দেসলিগায় বায়ার্নের জয়গাথা চলছেই, শুধু শিরোপা নয়, ঘরোয়া লিগে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে পেপ গার্দিওলার দল। টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে সিরি ‘আ’র আধিপত্য ধরে রেখেছে জুভেন্টাসও। লা লিগায় ‘দুই ঘোড়া’ বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের আধিপত্য ভেঙে দিয়ে অ্যাটলেটিকো লিখেছে নতুন রূপকথা। কিন্তু শেষ পর্যন্ত ক্লাব ফুটবলে এ বছরটা শুধুই রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অ্যাটলেটিকোকে হারিয়ে জিতেছে স্বপ্নের লা ডেসিমা, শেষ হয়েছে এক যুগের অপেক্ষা। সঙ্গে কোপা ডেল রে, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ মিলিয়ে এ বছর রিয়ালের শোকেসে যোগ হয়েছে চারটি ট্রফি। চ্যাম্পিয়নস লিগ জেতার পর থেকে বছরের শেষ পর্যন্ত রিয়াল আছে অবিশ্বাস্য ফর্মে। সব ধরনের প্রতিযোগিতায় টানা ২২ জয়ের স্প্যানিশ রেকর্ড নিয়ে বছর শেষ করেছে। সামনে টানা ২৪ জয়ের বিশ্ব রেকর্ডের হাতছানি। উয়েফা র্যা ঙ্কিংয়ে বায়ার্ন আর বার্সেলোনাকে পেছনে ফেলে ধরে রেখেছে শীর্ষস্থানটা। হার আর ড্র কী জিনিস সেটা যেন ভুলেই গেছে কার্লো আনচেলত্তির দল।