রিয়ালের ড্রেসিংরুমই সেরা, বললেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অডির অনুষ্ঠানে দুই সতীর্থ হামেস রদ্রিগেজ ও ফ্যাবিও কোয়েন্ত্রাওর সঙ্গে কী এক রসিকতায় মেতেছেন রোনালদো। এটা যেন রিয়ালের ড্রেসিংরুমেরই প্রতিচ্ছবি! ছবি: রয়টার্স
অডির অনুষ্ঠানে দুই সতীর্থ হামেস রদ্রিগেজ ও ফ্যাবিও কোয়েন্ত্রাওর সঙ্গে কী এক রসিকতায় মেতেছেন রোনালদো। এটা যেন রিয়ালের ড্রেসিংরুমেরই প্রতিচ্ছবি! ছবি: রয়টার্স

সময়টা দুর্দান্ত কাটছে রিয়াল মাদ্রিদের, দুর্দান্ত কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোরও। সম্প্রতি সাফল্যের পাল্লাটা অনেক ভারী কার্লো আনচেলত্তির দলের। সাফল্যে ভাসা একটি দলের ড্রেসিংরুমের চেহারাও থাকে অন্য রকম। রোনালদো বললেন, যতগুলো দলে খেলেছেন, এর মধ্যে রিয়ালের ড্রেসিংরুমই সেরা।
পতু‌র্গিজ উইঙ্গার জানালেন, ‘দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমরা এটি এভাবেই ধরে রাখতে চাই। গত কয়েক বছরে যতগুলো দলের অংশ হয়েছি, তার মধ্যে রিয়ালের ড্রেসিংরুমই সেরা।’
তবে এখনই সন্তুষ্ট হতে চান না রিয়াল তারকা। এগিয়ে যেতে চান আরও দুর্বার গতিতে। বললেন, ‘সাম্প্রতিক বছরগুলোয় মানুষকে বলতে শুনেছি এটাই সেরা রিয়াল। যদি আরও কিছু গুরুত্বপূর্ণ শিরোপা জিততে পারি, তবেই কেবল এটা মানা যেতে পারে। তবে টানা ১৬টি শিরোপা জিতে আমরা অনেক এগিয়েছি।’
রিয়ালে সুখেই আছেন, সে কথা আবারও বললেন এ ফরোয়ার্ড, ‘রিয়াল আমার দ্বিতীয় বাড়ি। এখানে খুব ভালো আছি। এখানে কোচিং স্টাফদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সূত্র: মার্কা।