রিয়ালের দল নিয়ে অখুশি রোনালদো

‘সহজ কথা যায় না বলা সহজে’—ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে এই আপ্তবাক্যটি পরিণত হয়েছে, উচিত কথা যায় না বল সহজে। উচিত কথা যে সব সময় কঠিন, সেটা তিনি ইদানীং বেশ ভালোভাবেই অনুধাবন করতে পারছেন। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের দল নিয়ে তিনি ভেতরে ভেতরে গুমরোচ্ছেন, হূদয়ে জমে আছে অজস্র ক্ষোভ, অসংখ্য জিজ্ঞাসা, কিন্তু পেশাদারির নিগড়ে বাঁধা পড়ে রোনালদোকে মুখে কুলুপ আঁটতে হচ্ছে। ব্যাপারটা আকারে-ইঙ্গিতে প্রকাশ করেছেন ফিফার বর্ষসেরা এই ফুটবলার।
একটি পণ্যের প্রচারণার অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি উগড়োতে চাইলেন নিজের ভেতরের সব ক্ষোভ, ‘এই মৌসুমে রিয়াল মাদ্রিদ নিয়ে আমি খুশি কি অখুশি, এটা প্রকাশ করার পর্যায়ে আমি নেই। অনেক কথাই আছে, যেগুলো এখানে বলা যাবে না। তাহলে হয়তো পরদিনের পত্রিকার প্রধান শিরোনাম হব আমিই। আমি তা চাই না।’
মন্তব্যে স্পষ্টতই একটা হতাশার সুর। বোঝা যাচ্ছে এই মৌসুমে রিয়ালের দল নিয়ে একেবারেই খুশি নন রোনালদো। সেটা তিনি সাংবাদিকদের জানিয়েছেন কূটনৈতিক ভাষাতেই, ‘যে দল ডেসিমা জিতল, সেই দল আপনি রাখলেন না। এটা আমার কাছে কোনোভাবেই বোধগম্য নয়। নতুন নতুন অনেক তারকাকে দলভুক্ত করার সিদ্ধান্ত নিশ্চয়ই অনেক ভেবে-চিন্তে করা। ওই বিষয়ে কথা বলার মতো অবস্থায় নেই আমি।’
রোনালদোর সবচেয়ে বড় ক্ষোভ অ্যাঙ্গেল ডি মারিয়া ও জাবি আলোনসোকে ছেড়ে দেওয়ার ব্যাপারেই, ‘এই দুজন অনেক দিন ধরেই দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু তাদের ছেড়ে দেওয়া হলো, কেন ছেড়ে দেওয়া হলো, আমি জানি না। আমি রিয়ালের নেতৃত্বে থাকলে অবশ্য ডি মারিয়া ও আলোনসোকে দলে রেখে দিতাম। সূত্র: মার্কা।