রিয়ালের নতুন চ্যালেঞ্জ
‘লা ডেসিমা’র জন্য ব্যাকুল হয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। ১২ বছরের অপেক্ষা ঘুচিয়ে অবশেষে সেটি হাতে নিতে পারল গত মৌসুমে, নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোকে হারিয়ে। লিবসনের সেই ফাইনালের প্রায় চার মাস পর আজ আবার চ্যাম্পিয়নস লিগ মিশনে নামছে রিয়াল। ১৯৫৫-৫৬ মৌসুমে প্রথম ইউরোপিয়ান কাপেই চ্যাম্পিয়নদের জন্য ৬০তম আসরটি শিরোপা ধরে রাখার অভিযান। বার্নাব্যুতে এফসি বাসেলের বিপক্ষে গ্রুপপর্বের এই ম্যাচ রিয়ালের জন্য ঘুরে দাঁড়ানোরও উপলক্ষ।
আজ মাঠে নামছে বর্তমান রানার্সআপ অ্যাটলেটিকো, জুভেন্টাস, লিভারপুলের মতো দলগুলোও। তবে দিনের সবচেয়ে ‘বড়’ ম্যাচটি জার্মানির ডর্টমুন্ডে। সেখানে ২০১২-১৩ মৌসুমের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি আর্সেনাল। তবে বার্নাব্যুর ম্যাচটা বাড়তি কৌতূহল ছড়াচ্ছে লিগে রিয়ালের বাজে শুরুর কারণেই।
লিগে প্রথম তিন ম্যাচের দুটিতেই হার। মৌসুমের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে পড়ে শিরোপার লড়াইটা কঠিন করে ফেলেছে কার্লো আনচেলত্তির দল। আজ বাসেলের ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে মরিয়া রিয়াল। পারবে রিয়াল?
হতাশার গুমোট কাটিয়ে রিয়ালকে আত্মবিশ্বাসী করে তুলছে প্রতিপক্ষ বাসেলই। সুইজারল্যান্ডের ক্লাবটির সঙ্গে আগের ১০ সাক্ষাতেই জিতেছে রিয়াল। সব মিলিয়ে গোল দিয়েছে ৪২টি, খেয়েছে মাত্র ২টি! তা ছাড়া এবার গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা বাসেল ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্য ক্লাবে। বদলে গেছেন কোচও। ফর্ম যতই খারাপ যাক, এই বাসেলের বিপক্ষে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি জয়ের প্রত্যাশা করতেই পারেন।
কিন্তু আনচেলত্তির অন্য একটা সমস্যাও আছে। গত মৌসুমে গোলরক্ষক ডিয়েগো লোপেজকে খেলিয়েছেন লিগে, আর ইকার ক্যাসিয়াসকে খেলিয়েছেন চ্যাম্পিয়নস লিগে। এবার লোপেজ নেই। লিগের প্রথম তিন ম্যাচেই খেলে সর্বশেষ দুই ম্যাচেই হারের কারণে দুয়ো শুনেছেন ক্যাসিয়াস। আজ তাই রিয়ালের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হতে পারে নবাগত গোলরক্ষক কেইলর নাভাসের। একাদশে জায়গা হোক না-হোক, ক্যাসিয়াস আত্মবিশ্বাসী দল ঘুরে দাঁড়াবেই, ‘আমরা চার মাস আগে শিরোপা জিতেছি এবং রিয়াল এ মুহূর্তে যে পরিস্থিতিতে আছে, আমাদের যে খেলোয়াড় আছে, আমরা ঘুরে দাঁড়াতে পারব।’ এএফপি, গোলডটকম।
গত মৌসুমেও ডর্টমুন্ড-আর্সেনাল পড়েছিল একই গ্রুপে। লন্ডনে ডর্টমুন্ড ২-১ গোলে জিতলেও ফিরতি লেগে ডর্টমুন্ডে এসে আর্সেনাল জিতেছিল ১-০ গোলে। আর্সেন ওয়েঙ্গারের দল আজও সে ঘটনার পুনরাবৃত্তিই ঘটনাতে চান। ২০০৯ সালের পর চ্যাম্পিয়নস লিগে ফিরেই পাঁচবারের চ্যাম্পিয়ন লিভারপুল প্রথম ম্যাচেই মুখোমুখি প্লে–অফের চমক লুদোগোরেৎসের।
আজ মুখোমুখি
রিয়াল মাদ্রিদ-এফসি বাসেল
অলিম্পিয়াকোস-অ্যাটলেটিকো
জুভেন্টাস-মালমো
লিভারপুল-লুদোগোরেৎস
বেনফিকা-জেনিত
মোনাকো-লেভারকুসেন
গ্যালাতাসারাই-আন্ডারলেখট
ডর্টমুন্ড-আর্সেনাল
* প্রথমে স্বাগতিক দল