রিয়ালের বিশ্বজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনে ক্লাব বিশ্বকাপের ট্রফি, সেটা নিয়ে ছবি তুলতে গিয়ে রিয়াল মাদ্রিদ খেলোয়াড় আর কর্মকর্তাদের মুখগুলো আনন্দে ঝলমল করে উঠল। আলাদা করে ফ্রেমে ধরা পড়লেন ৭০০ ম্যাচ খেলা ক্যাসিয়াস। পরশু মরক্কোর মারাকেশ স্টেডিয়ামে l এএফপি
সামনে ক্লাব বিশ্বকাপের ট্রফি, সেটা নিয়ে ছবি তুলতে গিয়ে রিয়াল মাদ্রিদ খেলোয়াড় আর কর্মকর্তাদের মুখগুলো আনন্দে ঝলমল করে উঠল। আলাদা করে ফ্রেমে ধরা পড়লেন ৭০০ ম্যাচ খেলা ক্যাসিয়াস। পরশু মরক্কোর মারাকেশ স্টেডিয়ামে l এএফপি

কার্লো আনচেলত্তির বিশ্বাস ছিল, ফাইনালেই হয়তো গোল করবেন রোনালদো। সেই ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদো গোলের দেখা পেলেন না! ইতিহাস, ঐতিহ্য, দলীয় শক্তি—সবকিছুতেই অনেক এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদের সামনে খুড়কুটোর মতো ভেসে যাবে সান লরেঞ্জো—এমনটাও ভেবেছিলেন অনেকে। আদতে সে রকম কিছুও হলো না। মাত্র দুটি গোল করতে পারল রিয়াল। তবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সান লরেঞ্জোকে হারাতে সার্জিও রামোস আর গ্যারেথ বেলের ওই দুটি গোলই যথেষ্ট ছিল। প্রথমবারের মতো বিশ্বসেরার ট্রফিটা অনুমিতভাবেই জিতে নিল আনচেলত্তির দল।
রোনালদোর গোল ছাড়াই রিয়াল মাদ্রিদ একটা টুর্নামেন্ট জিতে গেছে। হতে পারে সেই টুর্নামেন্টে রিয়াল ম্যাচ খেলেছে মাত্র দুটি, কিন্তু তার পরও ব্যাপারটা বিস্ময়কর। শেষ কবে রোনালদো পরপর দুই ম্যাচ গোলহীন থেকেছেন সেটা বের করতে ‘গুগল সার্চ’ দিতে হয়। রিয়াল কোচ আনচেলত্তি অবশ্য এ ব্যাপারটা নিয়ে একদমই ভাবছেন না, ‘ও এখানে গোল পায়নি, কিন্তু বছরজুড়ে গোলের পর গোল করেছে। দলের জয়ে অবদান রেখেছে। আমাদের আজকের অবস্থানের পেছনে তার অবদান সবচেয়ে বেশি। সে-ই আমাদের সেরা খেলোয়াড়।’
আনচেলত্তির কাছে রোনালদোই সেরা খেলোয়াড়। তবে পরশু রোনালদোকে পেছনে ফেলে ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন সার্জিও রামোস। ফাইনালে রিয়ালের প্রথম গোলটা করেছেন রামোস, গোল করেছিলেন সেমিফাইনালেও। রোনালদো পেয়েছেন রুপার বল। ইসকোর পাস থেকে বল পেয়ে ফাইনালে অন্য গোলটা করেছেন বেল। রিয়াল যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত চারটি ফাইনাল খেলেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। কোপা ডেল রে, চ্যাম্পিয়নস লিগ, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। এর মধ্যে কার্ডিফে ইউরোপিয়ান সুপার কাপের ফাইনাল ছাড়া গোল পেয়েছেন বাকি সব ম্যাচে। ফাইনালে গোল করাটা যেন তাঁর অভ্যাসেই পরিণত হয়েছে।
রিয়ালের জয়ের ব্যবধান বড় নয় সত্যি, তবে সান লরেঞ্জোও যে খুব একটা ভুগিয়েছে ইউরোপের চ্যাম্পিয়নদের সেটাও নয়। নিজেদের রক্ষণ সামলাতেই বেশির ভাগ সময় ব্যস্ত ছিল আর্জেন্টাইন ক্লাবটি। বলের দখল ছিল মাত্র ৩৪ ভাগ, ফাউল করেছে ২৪টি, পুরো ম্যাচে রিয়ালের গোলে শট নিয়েছে মাত্র তিনটি। সান লরেঞ্জোর কৌশল কিছুটা বোঝা যাবে ম্যাচ শেষে তাদের কোচ এডগার্ডো বাওজার কথা শুনলেই, ‘এ ম্যাচে আমরা কোনোভাবেই জিততে পারতাম না। খুব কঠিন হবে জানতাম এবং সেটাই হয়েছে। আমরা শুধু চেষ্টা করেছি ওদের আটকে রাখতে।’
এ জয়ের ফলে টানা জয়ের স্প্যানিশ রেকর্ডটা বাড়িয়ে ২২ ম্যাচে নিয়ে গেল রিয়াল। কোপা ডেল রে, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপের পর এ বছর এটা লস ব্লাঙ্কোদের চতুর্থ শিরোপা। প্রথম রিয়াল কোচ হিসেবে এ অর্জনে উচ্ছ্বসিত আনচেলত্তি, ‘আমাদের দলটা অসাধারণ। কিন্তু ইতিহাসের অন্য সেরা দলগুলোর সঙ্গে এই দলের তুলনা করা সম্ভব নয়। তবে আমরা যেহেতু বিশ্বকাপ জিতেছি, এই মুহূর্তে আমাদের বিশ্বসেরা বলতেই পারেন।’
স্বীকৃতি হিসেবে ফিফার কাছ থেকে বিশ্ব চ্যাম্পিয়নের ব্যাজও পেয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী এক বছর যেটি থাকবে রিয়ালের জার্সিতে, নতুন কোনো ক্লাব বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আগ পর্যন্ত। এএফপি, ফিফাডটকম।
২০১৪ সালে রিয়াল
ম্যাচ
৬৪
জয়
৫২
ড্র
৫
হার
৭
গোল
১৭৮
বিপক্ষে গোল
৪০
ট্রফি
৪
টুকিটাকি
দুটি আলাদা ক্লাবের হয়ে ক্লাব বিশ্বকাপ অথবা সাবেক ইন্টারকন্টিনেন্টাল কাপজয়ী তৃতীয় কোচ কার্লো আনচেলত্তি। তাঁর আগে এই কীর্তি ছিল কার্লোস বিয়াঞ্চি ও পেপ গার্দিওলার।
একই বছরে বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন শুধু দুজন ইউরোপিয়ান ফুটবলার—টনি ক্রুস ও স্যামি খেদিরা।
ক্লাব বিশ্বকাপের ফাইনালে গোল করা দ্বিতীয় ব্রিটিশ ফুটবলার গ্যারেথ বেল। এর আগে ২০০৮ ফাইনালে গোল করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার ওয়েইন রুনি।
১০টি চ্যাম্পিয়নস লিগ, একটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা কাপ, ৩টি ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ২টি উয়েফা সুপার কাপ মিলিয়ে ১৮টি আন্তর্জাতিক ট্রফি হলো রিয়ালের। সমানসংখ্যক আন্তর্জাতিক ট্রফি আছে এসি মিলান ও বোকা জুনিয়র্সের।