রিয়ালের ভুল করবে না বার্সা

ক্লাব বিশ্বকাপ জিতে মৌসুমে নিজেদের পঞ্চম শিরোপাটা জিতে নিয়েছে বার্সেলোনা। এবারও নতুন করে শিরোপাগুলো জেতার পথে আছে ক্লাবটি। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে সব প্রতিযোগিতাতেই আছে দুর্দান্ত ফর্মে। গত মৌসুমের এ সময়ে এ রকম ফর্মে ছিল প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। কিন্তু ক্লাব বিশ্বকাপ জেতার পরই খেই হারিয়ে ফেলে মাদ্রিদের ক্লাবটি। বার্সা তারকা লুইস সুয়ারেজ জানাচ্ছেন অতীত থেকে শিক্ষা নিয়েছেন, রিয়ালের ভুল করবে না তাঁরা।
২০১৪ মৌসুমে বহু আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ জেতার পর দুর্দান্ত এক রিয়ালের দেখা মিলেছিল। ২০১৪ সালের শেষ অর্ধে তো একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল তারা। বছর শেষ করেছিল ক্লাব বিশ্বকাপ জিতে, রিয়ালের টানা ২২ ম্যাচে জয় ছিল সেটি। কিন্তু ক্লাব বিশ্বকাপ থেকে ফিরতেই যেন খেলা ভুলে গেল দলটি। একের পর ম্যাচ হেরে লিগের শীর্ষস্থান হারাল, কাপ থেকে বিদায় নিল। ফর্ম হারানোর খেসারত দিতে হলো মৌসুমে শিরোপাশূন্য থেকে। কেবল রিয়াল নয়, অনেক ক্লাবের ক্ষেত্রেই ব্যাপারটি দেখা গিয়েছে। ক্লাব বিশ্বকাপ জেতার পর খেই হারিয়েছে দলগুলো।
বার্সাকে ক্লাব বিশ্বকাপ জেতানো সুয়ারেজের সেটা জানা আছে। সে জন্যই নিশ্চিত করলেন রিয়ালের মতো বার্সা মনোযোগ হারাবে না। তাঁদের ক্ষেত্রে যে এমন কিছু হবে না সেই প্রতিজ্ঞাও শোনালেন, ‘এ রকম একটি প্রতিযোগিতার পর মাঝে মধ্যেই দলগুলো ফর্ম হারিয়ে ফেলে। আমাদের পরবর্তী লক্ষ্য হলো সেটি হতে না দেওয়া। আমরা এখন বিশ্ব সেরা ক্লাব, আমাদের এই ফর্ম ধরে রাখতে হবে।’ সূত্র: ইএসপিএন