রিয়ালের রেকর্ড, লিভারপুলের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল রোনালদোর, অভিনন্দন বেল-হার্নান্দেজের। পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে লুদোগোরেৎসের বিপক্ষে এ গোলেই চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রাউল গঞ্জালেজকে ছাড়িয়ে যান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড l এএফপি
গোল রোনালদোর, অভিনন্দন বেল-হার্নান্দেজের। পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে লুদোগোরেৎসের বিপক্ষে এ গোলেই চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রাউল গঞ্জালেজকে ছাড়িয়ে যান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড l এএফপি

সেদিন ছিল ৮ ডিসেম্বর। আর এবার ম্যাচটা হলো ৯ ডিসেম্বর। গুনে গুনে ১০ বছর এক দিন। কিন্তু এক দশক পরও দুটি ম্যাচে কত মিল! ২০০৪ সালের ওই ম্যাচটাও অ্যানফিল্ডে ছিল, এটাও। সেবারও প্রিমিয়ার লিগে চেলসি লিভারপুলের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে ছিল, এবারও তা-ই। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলতে হলে ওই ম্যাচে অলিম্পিয়াকোসের সঙ্গে জয় ছাড়া বিকল্প ছিল না লিভারপুলের। একই হিসাব নিয়ে পরশু রাতেও বাসেলের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রেন্ডন রজার্সের দল। ১০ বছর আগের ওই ম্যাচে ২৬ মিনিটেই অলিম্পিয়াকোসের হয়ে রিভালদো গোল করে আরও জটিল করে দেন হিসাব-নিকাশ। নকআউট পর্বে খেলতে হলে তখন লিভারপুলকে বাকি সময়টায় অন্তত ৩ গোল করতে হতো। ৮৬ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেও লিভারপুল যখন গ্রুপ থেকে বিদায় দেখছে, তখনই অসাধারণ এক গোল করে অ্যানফিল্ডকে উচ্ছ্বাসের বন্যায় ভাসান অধিনায়ক স্টিভেন জেরার্ড।
পরশু রাতেও অ্যানফিল্ডে যখন মাত্র ২৫ মিনিটে ফ্যাবিয়ান ফ্রেইয়ের গোলে এগিয়ে গেল বাসেল, মনে হলো, ইতিহাসের পুনরাবৃত্তির জন্য এর চেয়ে ভালো মঞ্চ বুঝি আর হয় না। এ রাতটাও স্টিভেন জেরার্ডের হতেই পারে! কী কাকতাল, ৮১ মিনিটে অসাধারণ এক ফ্রি-কিক থেকে জেরার্ডই গোল করলেন, ম্যাচে সমতা ফিরল। পার্থক্য শুধু একটাই, ১০ বছর এক দিন আগের সেই গোল তাঁর দলকে তুলেছিল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে। এদিন আর হলো না। জিততে না পারায় গ্রুপপর্বেই শেষ হয়ে গেছে লিভারপুলের এবারের চ্যাম্পিয়নস লিগ। শেষ ষোলোতে এই গ্রুপ থেকে রিয়াল মাদ্রিদের সঙ্গী হয়েছে বাসেল।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদের। পরশু রাতে লুদোগোরেৎসকে ৪-০ গোলে হারিয়ে কার্লো আনচেলত্তির দল ধরে রেখেছে এবারের চ্যাম্পিয়নস লিগে একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের রেকর্ডও। গ্রুপপর্বে ছয় ম্যাচেই জিতেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগ যুগে শতভাগ জয় নিয়ে গ্রুপ পেরোনোর এটা ষষ্ঠ ঘটনা। এর আগে এই কীর্তি গড়েছে এসি মিলান (১৯৯২-৯৩), পিএসজি (১৯৯৪-৯৫), স্পার্তাক মস্কো (১৯৯৫-৯৬) ও বার্সেলোনা (২০০২-০৩)। তবে রিয়ালই একমাত্র দল যারা এটা করেছে দুবার, এবারের আগে হোসে মরিনহোর অধীনে ২০১১-১২ মৌসুমেও। চোটের কারণে হামেস রদ্রিগেজ ও লুকা মডরিচ ছিলেন না, করিম বেনজেমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, মার্সেলো মাঠে নেমেছেন ঘণ্টা খানেক পরে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলরা সে অভাব বুঝতেই দেননি। ২০ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের প্রথম গোলটি করে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রাউল গঞ্জালেজকে (৭১ গোল) ছাড়িয়ে যান রোনালদো। পরে লুদোগোরেৎসের জালে বল পাঠিয়েছেন বেল, আলভারো আরবেলোয়া ও আলভারো মেদ্রান।
রাতটা স্মরণীয় হয়ে থাকবে ফরাসি লিগ ওয়ানের দল মোনাকোর জন্যও। নকআউট পর্ব নিশ্চিত করার জন্য নিজের মাঠে জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে ড্র-ই যথেষ্ট ছিল মোনাকোর জন্য। কিন্তু জেনিতের সঙ্গে তারা জিতল ২-০ গোলে, আর ওদিকে লিসবনে বেনফিকা-লেভারকুসেন ম্যাচটা গোলশূন্য ড্র হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে গেল মোনাকো, দ্বিতীয় হয়ে সঙ্গী লেভারকুসেন।
ইস্তাম্বুলে গ্যালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েও গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে যাচ্ছে আর্সেনাল। দুটি করে গোল করেছেন লুকাস পোডলস্কি ও আলফ রামসে। আন্ডারলেখটের সঙ্গে ১-১ গোলে ড্র করে এই গ্রুপের শীর্ষস্থান পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউট পর্বের টিকিট পেয়েছে জুভেন্টাসও। এএফপি, রয়টার্স।

এক নজরে ফল
অলিম্পিয়াকোস ৪ : ২ মালমো
জুভেন্টাস ০ : ০ অ্যাটলেটিকো
লিভারপুল ১ : ১ বাসেল
রিয়াল মাদ্রিদ ৪ : ০ লুদোরোরেৎস
মোনাকো ২ : ০ জেনিত
বেনফিকা ০ : ০ লেভারকুসেন
গ্যালাতাসারাই ১ : ৪ আর্সেনাল
ডর্টমুন্ড ১ : ১ আন্ডারলেখট
* প্রথমে স্বাগতিক দল