রিয়ালের স্বপ্নে জুভেন্টাসের আঘাত

টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ-সেরা হওয়ার স্বপ্নে বিরাট ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। গতরাতে সেমির প্রথম লেগে জুভেন্টাসের কাছে ২-১ গোলে হেরে গেছে তারা।
বুধবার নিজেদের মাঠে খেলা। সে ম্যাচে কমপক্ষে ১-০ গোলে না জিতলে শেষ চার থেকেই বিদায় নিতে হবে দশবারের ইউরোপীয় চ্যাম্পিয়নদের।
ইতালীয় সিরি ‘এ’ জয়ী জুভেন্টাস কাল মাঠে নেমেছিল আক্রমণাত্মক মানসিকতা নিয়ে। তার ফলও ইতালীয় জায়ান্টরা পেয়ে যায় হাতে হাতেই। আলভারো মোরাতা খুব দ্রুতই এগিয়ে দেন তাদের।
গোলটি অবশ্য হতে পারত কার্লোস তেভেজেরই। তেভেজের শট রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেও শেষ রক্ষা করতে পারেননি। গোলমুখে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মোরাতাকে বিনা বাধাতেই বল জালে ঠেলেন।
ক্রিস্টিয়ানো রোনালদোর গোলেই অবশ্য সমতায় ফিরেছিল রিয়াল। সেটা ম্যাচের ২৭ তম মিনিটের ঘটনা। তবে এর ঠিক চার মিনিট আগে ইসকোর বাড়িয়ে দেওয়া এক বল ধরে গোলমুখে লক্ষ্যভ্রষ্ট শট নিয়েছিলেন তিনি।
রোনালদোর সমতা সূচক গোলটি আসে হামেস রদ্রিগেজের ক্রস থেকে। কলম্বিয়ান ফরোয়ার্ডের আড়াআড়ি ক্রসে মাথা ছুঁইয়ে ইউরোপ-সেরার লড়াইয়ে নিজের রেকর্ড ৭৬ তম গোলটি করেন তিনি।
৪১ মিনিটে দুর্ভাগ্যের শিকার হয় রিয়াল। ইসকোর ক্রসে রদ্রিগেজের হেড পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল আদায় করে নেয় জুভেন্টাস। ক্ষিপ্রগতিতে রিয়ালের রক্ষণে তেভেজ ঢুকে পড়লে তাঁকে পেছন থেকে ফাউল করেন দানি কারভাহাল। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে তা থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ। ৬৪ মিনিটে রোনালদো আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন। হাভিয়ের হার্নান্দেজের কোনাকুনি একটি পাসে তিনি পায়ে বল লাগাতে ব্যর্থ হন গোলপোস্টের খুব কাছ থেকেই।
৮৭ মিনিটে স্কোরলাইনটাকে ৩-১ করে ফেলতে পারত জুভেন্টাস। রাফায়েল ভারানের ভুলে ফার্নান্দো লরেন্তে রিয়ালের বক্সে ঢুকে পড়েন। গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে কাটিয়ে খোলা গোলমুখেও বল ঠেলতে পারেননি তিনি।
এই হারকে দলের খেলোয়াড়দের ভুলের খেসারত হিসেবে অভিহিত করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘আমরা এই ম্যাচে অনেক বেশি ভুল করেছি। এই হার ওই ভুলগুলোরই খেসারত। দ্বিতীয়ার্ধে এই ভুলের পরিমাণ ছিল অনেক বেশি।
আনচেলত্তি অবশ্য আত্মবিশ্বাসী যে দল নিজেদের মাঠেই ঘুরে দাঁড়াবে, ‘আমি আত্মবিশ্বাসী। নিজেদের মাঠে সমর্থকদের উপস্থিতিতে আমরা ঘুরে দাঁড়াব। তবে অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে। সূত্র: এএফপি।