রিয়ালের হরিষে বিষাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গুরুত্বপূর্ণ ডার্বি। অথচ চোট-নিষেধাজ্ঞায় জেরবার হয়ে আছে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার সঙ্গে পরশু ২-১ গোলে জিতেছে বটে, কিন্তু কার্লো আনচেলত্তি সেটা উদ্যাপন করতে পারছেন কই? ১২ মিনিটেই হামেস রদ্রিগেজের হেডে এগিয়ে গিয়েছিল রিয়াল। ৩৬ মিনিটে হেসে রদ্রিগেজ দ্বিগুণ করেন ব্যবধান। ৮০ মিনিটে ইয়াগো আসপাস একটা গোল ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে রিয়াল। কিন্তু চোট পেয়ে মাঠ ছেড়েছেন সার্জিও রামোস ও রদ্রিগেজ। রামোসের হ্যামস্ট্রিংয়ের চোট অত গুরুতর নয়, তবে কালকে মাঠে নামতে পারছেন না নিশ্চিতভাবেই। রদ্রিগেজ কাল তো বটেই, মাঠের বাইরে চলে যাচ্ছেন অন্তত দুই মাসের জন্য। ডান পায়ের হাড় ভেঙে ফেলায় অস্ত্রোপচারই লাগবে তাঁর। আর মৌসুমের পঞ্চম হলুদ কার্ড পাওয়ায় কাল দর্শক হবেন মার্সেলোও। এএফপি।