রিয়ালের 'চ্যালেঞ্জ'
টানা ২০ ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদ এখন আকাশেই উড়ছে। এ মুহূর্তে তাদের যে ফর্ম, তাতে ক্লাব বিশ্বকাপ এমন কোনো বড় বাধা হওয়ার কথা নয়। এটি কি কার্লো আনচেলত্তি স্বীকার করেন? রিয়াল কোচ পরোক্ষভাবে মেনে নিলেন, এই শিরোপাটা না জিততে পারলে সেটি হবে অঘটন, ‘যে প্রতিযোগিতাতেই অংশ নিই, সেটা আমরা জেতার চেষ্টা করি। এ মুহূর্তে দলের পরিস্থিতি ও সামগ্রিক অবস্থা ক্লাব বিশ্বকাপ জয়ের জন্য আদর্শ।’
মহাদেশীয় ক্লাব-শ্রেষ্ঠত্বের এই আসরে খেলতে এরই মধ্যে মরক্কো চলে এসেছে রিয়াল। তারকাখচিত দলের জন্য সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৪০ জন দেহরক্ষী নিয়োগ করা হয়েছে দলের জন্য, শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যই পাঁচজন! হোটেল থেকে স্টেডিয়াম যাওয়ার সময় প্রতি ৫০ মিটার পর পর থাকবে নিরাপত্তাবাহিনীর ছোট ছোট দল। আগামীকাল মেক্সিকান দল ক্রুজ আজুলের সঙ্গে সেমিফাইনাল দিয়ে শুরু হচ্ছে রিয়ালের ক্লাব বিশ্বকাপ অভিযান।
তবে আজকের ম্যাচটা শেষ পর্যন্ত রাবাতে হচ্ছে না। অতিবৃষ্টিতে রাবাতের স্টেডিয়াম খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় ম্যাচটা সরিয়ে মারাকেশে নিয়ে যাওয়া হয়েছে। এএস, মার্কা।