রিয়ালের 'বিবিসি' বনাম বার্সার 'এমএসএন'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবিসি বনাম এমএসএন—জমাটি লড়াই–ই অপেক্ষা করছে সবার জন্য। ছবি: মার্কা।
বিবিসি বনাম এমএসএন—জমাটি লড়াই–ই অপেক্ষা করছে সবার জন্য। ছবি: মার্কা।

বেল-ক্রিস্টিয়ানো (রোনালদো)-বেনজেমা—রিয়ালের এই তিন তারকাকে সমর্থকেরা ডাকেন ‘বিবিসি’। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ত্রিরত্ন। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের যদি ‘বিবিসি’ থাকে, তাহলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এই মৌসুমে নিয়ে এসেছে ‘এমএসএন’। ব্লাঙ্কোসদের বিবিসির সঙ্গে এবার টেক্কা দেবে কাতালানদের এমএসএন। মেসি-সুয়ারেজ-নেইমার—বার্সা সমর্থকেরা ডাকতে শুরু করেছেন ‘এমএসএন’ নামে! বার্সার আক্রমণের নতুন ত্রিফলা।
বিশ্বকাপে কামড়-কাণ্ডের পর চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ২৫ অক্টোবর ‘এল ক্লাসিকো’তে ফেরার কথা রয়েছে সুয়ারেজের। বার্নাব্যুতে সেদিন রিয়ালের বিবিসিকে টেক্কা দিতে মাঠে নামবে বার্সার এমএসএন! ধ্রুপদি লড়াইয়ের আগে বার্সার এমএসএনের হাত মকশোটা ভালোই হয়েছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোল পেয়েছেন তিনজনই। জাপানের বিপক্ষে নেইমার করেছেন চার গোল, হংকংয়ের বিপক্ষে মেসি জোড়া, ওমানের বিপক্ষে সুয়ারেজও করেছেন জোড়া গোল। তিনজনের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে স্প্যানিশ পত্রিকা মুন্ডো ডিপর্তিভো লিখেছে, ‘বার্নাব্যুতে আসছে বিস্ফোরক ককটেল। ক্লাসিকোর আগে বাড়ল বার্সার ধার ।’
ওদিকে বিবিসি কিন্তু বসে নেই। ভালোই ঝালিয়ে নিয়েছে তারাও। ইউরো বাছাইয়ে গোল পেয়েছেন রোনালদো ও বেল। আর পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল পেয়েছেন বেনজেমাও। তাহলে বিষয়টি কী দাঁড়াচ্ছে? বিবিসি বনাম এমএসএন—জমাটি লড়াই–ই অপেক্ষা করছে সবার জন্য। তথ্যসূত্র: রয়টার্স।