রিয়াল অপরাজিত ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতীতের নায়কদের পাশে বর্তমানের নায়ক! রোনালদোর হাতে ব্যালন ডি’অর তুলে দেন পাকো জেন্তো, সঙ্গে ছিলেন রোনালদো নাজারিও, রেমন্ড কোপা, ফিগো, মাইকেল ওয়েন ও রিয়াল কোচ জিনেদিন জিদানও। কাল বার্নাব্যুতে l মার্কা
অতীতের নায়কদের পাশে বর্তমানের নায়ক! রোনালদোর হাতে ব্যালন ডি’অর তুলে দেন পাকো জেন্তো, সঙ্গে ছিলেন রোনালদো নাজারিও, রেমন্ড কোপা, ফিগো, মাইকেল ওয়েন ও রিয়াল কোচ জিনেদিন জিদানও। কাল বার্নাব্যুতে l মার্কা

ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচের আগে তাঁর ব্যালন ডি’অর ট্রফিটা দেখাবেন, সেটা কে না জানত? ফ্রান্স ফুটবল-এর কাছ থেকে বর্ষসেরার স্বীকৃতিটা পাওয়ার পর কালই প্রথম সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের সঙ্গে দেখা, প্রিয় সমর্থকদের সঙ্গে খুশিটা ভাগাভাগি করে নেওয়ারই কথা পর্তুগিজ তারকার।

একটি নয়, ক্যারিয়ারে জেতা চারটি ব্যালন ডি’অর নিয়েই রোনালদো এলেন মাঠে। তবে এটি যদি হয় জানা ব্যাপার, অজানা চমকও একটা ছিল। সমর্থকেরা তাতে স্মৃতিকাতর! রোনালদোর পাশে এলেন ব্যালন ডি’অরজয়ী রিয়াল কিংবদন্তিরাও। রোনালদো নাজারিও, রেমন্ড কোপা, ফিগো ও মাইকেল ওয়েন ছিলেন রোনালদোর সঙ্গে। আরেকজন তো ডাগআউটেই ছিলেন, জিনেদিন জিদান! তিনিও এলেন। ভিডিও বার্তায় উত্তরসূরিকে শুভেচ্ছা জানালেন কাকা ও ফাবিও ক্যানাভারোও। আর রোনালদোর হাতে ব্যালন ডি’অর ট্রফিটা তুলে দিলেন পাকো জেন্তো।

শুরুতে তারায় ভরা রোনালদোর রাতটা শেষ হলো রিয়ালের অর্জনে। গ্রানাডার বিপক্ষে ম্যাচটা রিয়াল জিতল ৫-০ গোলে। তাতে অর্জনটা হলো এই—গত মৌসুমেই বার্সেলোনার গড়া টানা অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ডটা ছুঁয়ে ফেলল জিদানের দল। গত এপ্রিলে ভলফ্‌সবুর্গের কাছে হারের পর অপরাজিত তারা টানা ৩৯ ম্যাচ!

রেকর্ড যে হচ্ছে, এ নিয়ে সংশয় ছিল কমই। রিয়াল আর গ্রানাডার মধ্যে যে মেরু-ব্যবধান! রিয়াল ম্যাচটা জিতে বার্সার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে লিগ শীর্ষে, গ্রানাডা নিচ থেকে দ্বিতীয়। রিয়াল মৌসুমে এ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে মাত্র ৮টি, গ্রানাডা পয়েন্টই পেয়েছে তার চেয়ে একটি বেশি। ব্যবধানটা ম্যাচের শুরু থেকে বুঝিয়েও দিল জিদানের দল। মাঝমাঠে দ্রুত পাসিং-প্রেসিং, আক্রমণে সৃষ্টিশীল! ফলও এল। আধা ঘণ্টা যেতে না যেতেই ৪ গোল! ১২ মিনিটে ইসকোকে দিয়ে শুরু, ৩১ মিনিটে চতুর্থটিও তাঁর। ২০ মিনিটে দ্বিতীয় গোলটি করিম বেনজেমার। আর পুরো বার্নাব্যু যাঁর গোলের অপেক্ষায় ছিল, সেই রোনালদোও ২৭ মিনিটে মার্সেলোর ক্রসটাকে হেড করে জড়িয়ে দিলেন জালে।

৩১ মিনিটে ৪ গোল—গ্রানাডা দুই অঙ্কের গোল খাওয়ার ভয়ই হয়তো পাচ্ছিল। তা হয়নি, অর্ধেকেই থেমেছে রিয়াল। তবে ৫৮ মিনিটে ম্যাচের শেষ গোলটিতেও তৃপ্তি খুঁজে পাবেন জিদান, সেটি যে এসেছে কাসিমেরোর পা থেকে। মৌসুমে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের প্রথম গোল। মৌসুমে এখন রিয়ালের শুধু একজন ‘আউটফিল্ড’ খেলোয়াড়েরই গোল পাওয়া বাকি—ফাবিও কোয়েন্ত্রাও।

এক রাতে আর কী চাইতে পারতেন জিদান! গার্ডিয়ান ও সনি সিক্স।