রিয়াল এক ম্যাচ হারলেই নতুন কোচ জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনিতেজ যাচ্ছেন, জিদান আসছেন? ফাইল ছবি
বেনিতেজ যাচ্ছেন, জিদান আসছেন? ফাইল ছবি

বড়দিন এগিয়ে আসছে। বাকি আর নয় দিন। একটা উৎসব-উৎসব ভাব চলে এসেছে। সান্তা ক্লজের কাছে উপহার হিসেবে কী চাওয়া যায়, এ নিয়ে 'গবেষণা'ও হচ্ছে বিস্তর। তবে রিয়াল মাদ্রিদ সমর্থকদের বোধ হয় অত গবেষণায় যেতে হচ্ছে না। তাঁদের ‘সান্তা ক্লজ’ ফ্লোরেন্তিনো পেরেজ নাকি এরই মধ্যে পুরস্কার ঠিক করে রেখেছেন—জিনেদিন জিদান! বড়দিনের সময়টাতেই রিয়ালের দায়িত্ব দেওয়া হতে পারে ফ্রান্স কিংবদন্তিকে।
লেকিপ দিয়েছে এই খবর। ফ্রান্সের বিখ্যাত পত্রিকাটি জানাচ্ছে, আর একটি ম্যাচই আছে বেনিতেজের নিজেকে প্রমাণের জন্য। তাতে ব্যর্থ হলেই পাততাড়ি গুটিয়ে মাদ্রিদ থেকে বিদায় নিতে হবে এই স্প্যানিশ কোচকে।
বড়দিনের আগে আর একটি ম্যাচ আছে রিয়ালের। ২০ ডিসেম্বর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো। লেকিপ বলছে, এই ম্যাচে হারলেই বেনিতেজকে বিদায় বলে দেওয়ার সিদ্ধান্ত ঠিক করে রেখেছেন রিয়াল সভাপতি পেরেজ। তাঁর জায়গায় দলের দায়িত্ব তুলে দেবেন জিদানের হাতে।
গত মাসে বার্সেলোনার কাছে ৪-০ গোলে পরাজয়ের পর বেনিতেজকে বরখাস্ত করার গুঞ্জন শোনা যাচ্ছিল। তখন অবশ্য এই স্প্যানিশ কোচের প্রতি নিজের আস্থা ভোট দিয়েছিলেন পেরেজ। তবে এর আগেও পেরেজের 'আস্থা'র মেয়াদ বেশি দিন না-টেকার নজির আছে। এবারও তার পুনরা​বৃত্তি হতে চলেছে সম্ভবত। এর আগে হোসে মরিনহো ও কার্লো আনচেলত্তির ক্ষেত্রেও পেরেজের ‘আস্থা’ টিকে ছিল যথাক্রমে ৪ ও ২ মাস!

বেনিতেজের ব্যাপারে পেরেজের মানসিকতার এই পরিবর্তন এসেছে লিগে সর্বশেষ ম্যাচে ভিয়ারিয়ালের কাছে পরাজয়ের পর। মৌসুমের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলের জন্য সমর্থকদের আস্থা হারাচ্ছিলেন বেনিতেজ। বিশেষ করে রিয়ালের মাঝমাঠ বলে যেন কিছু নেই! বার্সা-লজ্জার পর তো স্টেডিয়ামে আসা দর্শকেরা সাদা রুমাল উঁচিয়ে ধরে তাঁদের অসন্তোষ প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন। তবে ওই ম্যাচের পর বেশ ভালোই খেলছিল রিয়াল। টানা ৫ ম্যাচে জিতেছিল। গোলও করেছিল ২১টি। দল ভালো খেলছিল, তারকা খেলোয়াড়েরাও আরও মিলেমিশে খেলার চেষ্টা করছিলেন। মনে হচ্ছিল, শিরোপা লড়াইয়েও ফিরে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। বেনিতেজও এ যাত্রা বেঁচে যাবেন বলেই মনে হচ্ছিল। অন্তত ‘বেনিতেজ হঠাও’ আহ্বান তো আর শোনা যাচ্ছিল না।
তবে মাঠে সাফল্য এলেও, মাঠের বাইরের বিতর্ক সব সময়ই ছিল। স্প্যানিশ কোপা দেল রেতে কাদিজের বিপক্ষে জিতেও রিয়াল প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে নিষিদ্ধ খেলোয়াড় মাঠে নামিয়ে। যেটিকে বেনিতেজের ব্যর্থতা হিসেবেই দেখছিলেন পেরেজ। এর সঙ্গে ভিয়ারিয়ালের মাঠে এই হারের পর রিয়াল সভাপতি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ‘অনেক হয়েছে, আর নয়! বেনিতেজ যাবে, জিদান আসবে।’
এই মুহূর্তে রিয়ালেরই যুবদল কাস্তিয়ার কোচ হিসেবে কাজ করছেন জিদান। কোনো একপর্যায়ে যে রিয়ালের মূল দলেরও কোচ হবেন সেটি অনেকটা অনুমিত ছিল। তবে সেটি এত তাড়াতাড়ি হতে পারে, তা হয়তো ফ্রেঞ্চ কিংবদন্তি নিজেও ভাবেননি। এর আগেও বেশ কয়েকবার জানিয়েছিলেন, এখনই রিয়ালের মতো দলের দায়িত্ব দেওয়ার মতো প্রস্তুতি তাঁর নেই। তবে এখন স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, ডাক পড়লে দায়িত্ব নিতে মানসিকভাবে তৈরি হয়ে আছেন জিদান। আর লেকিপও লিখেছে, ‘জিদান রিয়াল মাদ্রিদের মূল ফটকের একেবারে সামনে দাঁড়িয়ে।’
ফ্রেঞ্চ পত্রিকা লেকিপ আজ বুধবার বেশ বড় করে ছেপেছে জিদানের কোচ হওয়ার সম্ভাবনার বিষয়টি। তারা এই বিষয়ে এতটাই নিশ্চিত যে, জিদানের খেলানোর ধরন কী হবে, কোন কৌশলে দলকে খেলাতে পছন্দ করেন ‘জিজু’—এ নিয়েও একটি প্রতিবেদন করেছে।
এখন দেখার বিষয়, রায়োর ম্যাচে বেনিতেজ কী করেন। এটি যে তাঁর ‘জীবন-মরণ’ নির্ধারণী ৯০ মিনিট। জিদানের অপেক্ষা ফুরোনোর অপেক্ষারও ৯০ মিনিট। টিক-টক, টিক-টক... তথ্যসূত্র: কটঅফসাইড, মার্কা।