রিয়াল একাদশের দাম সাড়ে ৪ হাজার কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্নের ‘লা ডেসিমা’ এসেছে গত মৌসুমে। এবার কী চমক থাকছে রিয়াল-সমর্থকদের জন্য? ছবি: রয়টার্স
স্বপ্নের ‘লা ডেসিমা’ এসেছে গত মৌসুমে। এবার কী চমক থাকছে রিয়াল-সমর্থকদের জন্য? ছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদে স্বপ্নের ‘লা ডেসিমা’ এসেছে গত মৌসুমে। এসেছে কোপা ডেল রেও। নতুন মৌসুমের শুরুতেই জেতা হয়েছে উয়েফা সুপার কাপও। গত মৌসুমের সাফল্য এই মৌসুমেও ধরে রাখার ইঙ্গিত দিয়েই যাত্রা শুরু। কিন্তু এর পরই হোঁচট। যতই গুচ্ছের টাকা ঢেলে তারকা বোঝাই করুক, রিয়ালকে সতর্কবার্তাই উপহার দিল অ্যাটলেটিকো মাদ্রিদ।

স্প্যানিশ সুপার কাপের সেই ধাক্কাতেও অবশ্য সমর্থকেরা টলেনি। তারা এবার হয়তো স্লোগান তুলবে ‘লা উনডেসিমো’র। মানে একাদশ—একাদশতম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। কার্লো আনচেলত্তি কি পারবেন রিয়ালকে আরেকটা চ্যাম্পিয়নস লিগ জেতাতে? শিরোপা জিততে অবশ্য রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাঁড়ি কাঁড়ি টাকা ঢালতে কোনো আপত্তি নেই। এ কারণেই বর্তমান রিয়ালের দলটার দাম ৩৬৪ মিলিয়ন পাউন্ড বা সাড়ে ৪ হাজার কোটি টাকা। টাকার অংক নিঃসন্দেহে চোখ কপালে ওঠার মতোই। কথা হলো, বিপুল এ টাকা কথা বলবে তো?

নতুন মৌসুমে রিয়ালের আক্রমণভাগকে আরও ধারালো করতে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন বিশ্বকাপে আলো ছড়ানো দুই তারকা হামেস রদ্রিগেজ ও টনি ক্রুস। ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা—ভালোবেসে সমর্থকেরা ডাকেন ‘বিবিসি’—রিয়ালের আক্রমণভাগের ত্রিরত্ন। তিনজনের মিলিত মূল্য ২০ কোটি ইউরোর কিছু বেশি। গত মৌসুমে এই বিবিসির হাত ধরে এসেছিল ৬৩ গোল। চ্যাম্পিয়নস লিগেই তাঁদের মিলিত গোল ২৮। যেকোনো দলের রক্ষণভাগের কাছে রীতিমতো আতঙ্ক এ ত্রিমূর্তি।

ওদিকে গোলপোস্ট সামলাতে ইকার ক্যাসিয়াস তো রয়েছেনই, দলে ভেড়ানো হয়েছে কোস্টারিকার কেইলর নাভাসকেও। এক দশক পর বার্নাব্যুতে আবার ‘গ্যালাকটিকো’।
এত শক্তির মধ্যে কিছু দুর্বলতাও রয়েছে রিয়ালের। গত মৌসুমে আলো ছড়ানো ডি মারিয়ার ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়া এক প্রকার নিশ্চিত। এর মধ্যে আবার রিয়াল-ভক্তদের চিন্তা বাড়িয়েছে নতুন করে ক্রিস্টিয়ানো রোনালদোর চোট। শুক্রবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালের দ্বিতীয় লেগে ঠিক ছন্দে ছিলেন না পর্তুগিজ ফরোয়ার্ড। এ ছাড়া রক্ষণের ফাটলটা রয়ে গেছে। সার্জিও রামোস ও পেপের ফর্মও বলার মতো নয়। অন্যদিকে রামোসের হুটহাট ‘মাথা-গরম’ হওয়ার স্বভাব কম চিন্তার বিষয় নয় আনচেলত্তির জন্য!

এক যুগ পর রিয়ালের ঘরে লা ডেসিমা এনে দেওয়ার মূল কারিগর কিন্তু আনচেলত্তিই। এ ফুটবল-বিজ্ঞের কৌশল, চিন্তা, দর্শন সব সময় প্রশংসা-জাগানিয়া। প্রতিভাবান ফুটবলারদের ব্যবহারে তিনি কতটা সিদ্ধহস্ত—গত মৌসুমে ভালোভাবেই বুঝিয়েছেন। এবারও সূক্ষ্ম ‘চালে’ প্রতিপক্ষকে মাত করবেন এ ইতালিয়ান কোচ—এ আশায় বুক বাঁধতেই পারেন রিয়াল সমর্থকেরা।
লা লিগায় রিয়ালের পরীক্ষা শুরু আগামীকাল। বার্নাব্যুতে কর্দোবার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে রিয়াল।