রিয়াল ছাড়ছেন রোনালদো!
পর্তুগিজ দৈনিক আ বোলা বোমাটা ফাটিয়েছে। বিবিসি ও স্কাই স্পোর্টসের মতো সংবাদমাধ্যমগুলোও বলছে একই কথা। রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো! আ বোলা এমনও বলছে, ৩২ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডের সিদ্ধান্তটা আর বদলানোর কোনো সম্ভাবনাই নেই।
সাত মাস আগেই রিয়ালের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন রোনালদো। এই মৌসুমে জিনেদিন জিদানের দলকে এনে দিয়েছেন লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপাও। তাহলে হঠাৎ এমন অসন্তোষের কারণ কী? কারণটা ফুটবলের বাইরের। কদিন আগেই যে স্পেনের কর কর্তৃপক্ষ রোনালদোর বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ, ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন রোনালদো! অবশ্য অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে রোনালদোর প্রতিনিধিত্বকারী এজেন্সি জেস্টিফিউট।
গুঞ্জন উঠেছে, কর ফাঁকির বিষয়টিতে ক্লাবের যথার্থ সমর্থন পাননি বলেই রাগ রোনালদোর। আ বোলা লিখেছে, ক্লাবকে এরই মধ্যে নিজের ‘অপরিবর্তনযোগ্য’ সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন রোনালদো। গার্ডিয়ান, স্কাই স্পোর্টস।