রিয়াল ছাড়তে চাইছেন ডি মারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্নাব্যু ছাড়ছেন, গুঞ্জনটা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। কিন্তু অ্যাঙ্গেল ডি মারিয়া কি স্বেচ্ছায় রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইছেন? নাকি রিয়ালই চাইছে ২৬ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গারকে ছেড়ে দিতে? কাল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করলেন প্রথম ধারণাটাই সত্যি, ডি মারিয়া রিয়ালকে অনুরোধ করেছেন তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়।
নতুন মৌসুমে এখনো রিয়ালের প্রথম একাদশে জায়গা পাননি ডি মারিয়া। দুদিন আগে সুপারকাপে বদলি নেমেও দারুণ খেলেছেন। এরপর ক্রিস্টিয়ানো রোনালদো ও সার্জিও রামোস রিয়াল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন ডি মারিয়াকে যেন রেখে দেওয়া হয়। মার্কার এই খবর সত্যি কি না সেটা বলা মুশকিল, তবে বার্নাব্যু থেকে ডি মারিয়ার নিজেরই যে মন উঠে গেছে, সেটি প্রকাশ পেল কাল আনচেলত্তির কণ্ঠেই, ‘ও (ডি মারিয়া) দল বদলানোর জন্য অনুরোধ করেছে। দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই আমরা একটা সমাধানে পৌঁছাব।’ ডি মারিয়ার নতুন গন্তব্য ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারে বলে গুঞ্জন। গোলডটকম।