রিয়াল ছাড়তে চাননি তিনি

বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। পরশু সেটাও চলে এল ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে। রিয়াল মাদ্রিদের অ্যাঙ্গেল ডি মারিয়া হয়ে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের। অনেক প্রিয় ২২ নম্বর সাদা জার্সিটা ছেড়ে এখন গায়ে তুলবেন ৭ নম্বর লাল জার্সি। আনুষ্ঠানিক এক বিবৃতিতে ইউনাইটেড জানিয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফি ৫৯.৭ মিলিয়ন পাউন্ডে (৭৫ মিলিয়ন ইউরো) পাঁচ বছরের জন্য অ্যাঙ্গেল ডি মারিয়া ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন।’ এর আগের রেকর্ডটা ছিল ফার্নান্দো তোরেসের, ২০১১ সালে লিভারপুল থেকে ৫০ মিলিয়ন পাউন্ডে (৫৮ মিলিয়ন ইউরো) তাঁকে কিনেছিল চেলসি। ফুটবল ইতিহাসেই ডি মারিয়ার ট্রান্সফার ফিটা পঞ্চম সর্বোচ্চ।
ইউনাইটেডে তাঁর বেতন কত হবে, সেটা প্রকাশ করেনি ক্লাব। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের ধারণা, সপ্তাহে প্রায় ২ লাখ ইউরো পাবেন আর্জেন্টাইন উইঙ্গার। এটা সত্যি হলে, ইউনাইটেডে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় ওয়েইন রুনির পরেই থাকবেন ডি মারিয়া। সব মিলিয়ে বেশ আকর্ষণীয় চুক্তি। তবে এসবের জন্য নয়, ইউনাইটেডে যোগ দেওয়ার পেছনে অন্য একটা কারণ দেখালেন আর্জেন্টাইন উইঙ্গার, ‘অনেক ক্লাবই আমার ব্যাপারে আগ্রহী ছিল। তবে ইউনাইটেডই একমাত্র ক্লাব যেটার জন্য আমি রিয়াল ছাড়তে রাজি ছিলাম। এখানে লুই ফন গালের মতো একজন অসাধারণ কোচ আছেন যাঁর সাফল্যের ইতিহাস সুবিদিত। এই ক্লাবটাকে আবার আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবার দৃঢ়প্রতিজ্ঞা আর দূরদৃষ্টিতে আমি মুগ্ধ।’
২০১০ সালের জুনে ২৫ মিলিয়ন ইউরোতে বেনফিকার কাছ থেকে কেনার চার বছর পর ৭৫ মিলিয়ন ইউরোতে বিক্রি। ডি মারিয়াকে বেচে ভালো দাওই মেরেছে রিয়াল। গত বছর ৫০ মিলিয়ন ইউরোতে মেসুত ওজিলকে আর্সেনালের কাছে বিক্রি করেছিল ‘লস ব্লাঙ্কো’রা। তবে সেটি ছাপিয়ে ডি মারিয়াকে বেচেই দলবদলে রিয়াল সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করল। যদিও বার্নাব্যু থেকে বিদায়টা ঠিক সুখকর হয়নি ডি মারিয়ার। গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন। রিয়ালের হয়ে জিতেছেন লা ডেসিমা, লিসবনের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সেরা খেলোয়াড়ও তিনি। অথচ এমন একজন এই মৌসুমে একাদশে অনিশ্চিত ছিলেন! কিছুটা অসন্তুষ্টি নিয়েই মারিয়া তাই বার্নাব্যু ছেড়েছেন। বিদায়ের আগে রিয়াল সমর্থকদের উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখেছেন ডি মারিয়া। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কায় প্রকাশিত সেই চিঠিতেও ফুটে উঠেছে সেই অসন্তুষ্টি, ‘দুঃখজনকভাবে আমাকে যেতে হচ্ছে। তবে আমি পরিষ্কার করে বলতে চাই এটা কখনোই আমার ইচ্ছে ছিল না। লা ডেসিমা জেতার পর আমি খুব আশা নিয়ে বিশ্বকাপে গিয়েছিলাম, হয়ত ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হবে আমাকে। কিন্তু সেটা আর হয়নি। তারা সব সময় চেয়েছে যেন আমি ক্লাব ছাড়ার উদ্যোগ নিই।’
ক্লাবের প্রতি এই অভিমানটুকু থাকলেও চিঠিতে রিয়ালের সমর্থক, স্পেনবাসী ও সতীর্থদের কৃতজ্ঞতা জানিয়েছেন ডি মারিয়া। নতুন ক্লাবে এসেও উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন সতীর্থদের কাছ থেকে। খুব বাজেভাবে মৌসুম শুরু করা ইউনাইটেড সমর্থকেরা স্বপ্ন দেখতে শুরু করেছেন তাঁকে নিয়ে। তবে সেই স্বপ্ন যেন লাগামছাড়া না হয়ে যায় ডি মারিয়াকে বরণ করতে গিয়ে সেটা মনে করিয়ে দিলেন কোচ ফন গাল, ‘ও খুবই সৃষ্টিশীল খেলোয়াড়। কিন্তু কাল থেকেই সব বদলে যাবে, আমাদের এমন আশা করাটা ভুল হবে। ওকে ইংল্যান্ডে মানিয়ে নিতে হবে, প্রিমিয়ার লিগে মানিয়ে নিতে হবে, ইউনাইটেডের দর্শনের সঙ্গেও মানাতে হবে।’ এএফপি, রয়টার্স।
সবচেয়ে দামি দলবদল
ট্রান্সফার ফি দলবদল সাল
(মিলিয়ন ইউরো)
গ্যারেথ বেল ১০০ টটেনহাম থেকে রিয়াল ২০১৩
ক্রিস্টিয়ানো রোনালদো ৯৪.৪ ইউনাইটেড থেকে রিয়াল ২০০৯
লুইস সুয়ারেজ ৮১ লিভারপুল থেকে বার্সেলোনা ২০১৪
হামেস রদ্রিগেজ ৭৯.৫ মোনাকো থেকে রিয়াল ২০১৪
অ্যাঙ্গেল ডি মারিয়া ৭৫ রিয়াল থেকে ইউনাইটেড ২০১৪