রিয়াল ছেড়ে আবারও ইংল্যান্ডে গ্যারেথ বেল
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রিয়ালের আক্রমণভাগ সামলানোর কথা ছিল তাঁর। কথা ছিল, রোনালদো চলে গেলে রিয়ালের আক্রমণভাগের নেতা হবেন তিনিই।
কোনোটাই হয়নি। এককালে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদের মূল একাদশেই সুযোগ পান না এখন। আক্রমণভাগে তাঁর চেয়ে করিম বেনজেমা, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, মার্কো আসেনসিও, এদেন হ্যাজার্ড এমনকি মারিয়ানো দিয়াজের ওপর বেশি ভরসা করেন কোচ কার্লো আনচেলত্তি।
এদিকে রিয়ালের সঙ্গে বেলের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ধীরে ধীরে। রিয়াল বা বেল, কোনো পক্ষেরই যে চুক্তি নবায়নের ব্যাপারে আগ্রহ নেই, সেটা মোটামুটি নিশ্চিত। এই মৌসুমে সব মিলিয়ে রিয়ালের হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন এই উইঙ্গার। আসছে জুনেই পাকাপাকিভাবে রিয়াল ছাড়বেন বেল। কিন্তু এরপর কী হবে?
সে প্রশ্নের জবাব দিয়েছেন বেলের মুখপাত্র জোনাথন বারনেট। জানিয়েছেন, আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ওয়েলস উইঙ্গার।
সেই ইংলিশ প্রিমিয়ার লিগ, যেখানে খেলেই বেল আজকের বেল হয়েছেন। যে প্রিমিয়ার লিগে খেলে নজরে পড়েছিলেন রিয়াল মাদ্রিদসহ বিশ্বের শীর্ষস্থানীয় সব ক্লাবের।
তবে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে রাজি নন বেল। বেলের দেশ ওয়েলস এখনো বিশ্বকাপ খেলবে কি না, সেটা নিশ্চিত নয়। সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত বেল নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, এমনটাই জানিয়েছেন বেলের মুখপাত্র বারনেট, ‘বেল রিয়াল মাদ্রিদ ছাড়ছে। তবে ওয়েলস আদৌ বিশ্বকাপে যেতে পারে কি না, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের সিদ্ধান্ত সেটার ওপরেই নির্ভর করছে। বেলের কি ইংল্যান্ডে ফেরার সম্ভাবনা বেশি? আমার মনে হয় সেটাই। তবে আমাদের ওয়েলসের জন্য অপেক্ষা করতে হবে।’
বেলকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে তাঁর সাবেক দুই ক্লাব টটেনহাম ও সাউদাম্পটন, এমনটাই অনুমান করছে ব্রিটিশ গণমাধ্যম গোল ডটকম।