রিয়াল, না বার্সা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় দুটি দল, তাদের নিয়ে সমর্থকদের মধ্যে কথার লড়াই চলে বিশ্বব্যাপী। চায়ের কাপে ঝড় ওঠে কোন দল সেরা সেটি নিয়ে। কিন্তু তাই বলে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের বক্তব্যেও উঠে আসবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা প্রসঙ্গ! তা-ও আবার থমকে পড়া অর্থনীতির মুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মাঝপথে? ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো করেছেন এই কাণ্ড। গত বুধবার দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে অর্থনীতিকে চাঙা করার উপায় নিয়ে আলোচনা করছিলেন মাদুরো। টিভিতে সরাসরি সম্প্রচারিত পাঁচ ঘণ্টাব্যাপী এ আলোচনার একপর্যায়ে তিনি হঠাৎ প্রশ্ন করে বসেন, ‘এখানে রিয়াল মাদ্রিদ সমর্থক কারা? হাত তুলুন!’ এ নিয়ে সভায় কিছুক্ষণ দুই দলের সমর্থকদের মধ্যে রসিকতাপূর্ণ বিতর্ক হয়েছে। কিন্তু দেশ যখন তিন অঙ্কের মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে, দেনার দায়ও বাড়ছে, এমন সময় বক্তব্যের মাঝে রাষ্ট্রপ্রধানের এই রসিকতা তৈরি করছে বিতর্ক। রয়টার্স।