রিয়াল না বায়ার্ন - এগিয়ে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের ফাইনালে ওঠার স্বপ্ন নির্ভর করছে রোনালদোর ওপর। ছবি: রয়টার্স
রিয়ালের ফাইনালে ওঠার স্বপ্ন নির্ভর করছে রোনালদোর ওপর। ছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগের ড্র হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা। আরও একবার ‘ইউরোপিয়ান ক্লাসিকো’র দেখা মিলল। ক্লাসিকো মানেই দ্বৈরথ, ইতিহাস আর দুর্দান্ত ফুটবলের মিশেল। রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ম্যাচ মানেই তো তাই। গত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনতেই যেন এবার সেমিফাইনালে মুখোমুখি দুই দল। ইউরোপিয়ান ক্লাসিকোতে এগিয়ে থাকছে কোন দল?

প্রথমেই তাকানো যাক পরিসংখ্যানের দিকে। ইউরোপে দুই দল মুখোমুখি হয়েছে ২৪ বার। তাতে দুই দলের জয় ১১টি। বাকি দুই ম্যাচ ড্র অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে সেটা দেখার উপায় নেই। কিন্তু একক ম্যাচ না ধরে যদি দুই লেগকে ম্যাচ ধরা হয়, তবে রিয়াল এগিয়ে আবে। ১১টি নকআউট ম্যাচে রিয়াল জিতেছে ছয়বার, আর জার্মানরা জিতেছে পাঁচটি।

নিকট অতীতও রিয়ালের পক্ষে। সর্বশেষ দুই নকআউট পর্বই জিতেছে স্প্যানিশরা। আর শুধু ম্যাচ হিসাব করলে টানা পাঁচ ম্যাচ জার্মানদের হারিয়েছেন রোনালদোরা। এ ম্যাচগুলোতে রিয়াল দিয়েছে ১৩ গোল, খেয়েছে মাত্র ৪টি। আর হিসাবটা যদি সব জার্মান ক্লাবের দিকে টানা হয়, তবে বুন্দেসলিগার ক্লাবগুলোর সঙ্গে সর্বশেষ ৬ ম্যাচেই (দুই লেগ) জিতেছে এবং ৩১টি গোল দিয়েছে।

এ ম্যাচটা বাড়তি উপলক্ষ হয়ে আসছে বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেসের জন্য। রিয়াল ও বায়ার্ন দুই দলকেই চ্যাম্পিয়নস লিগ জেতানো এই কোচ এ মৌসুমের জন্য অবসর ভেঙে ফিরেছেন। তাই ড্রর পরই বলেছেন, ‘বলতেই হচ্ছে জমজমাট এক ম্যাচ। খুবই ভালো, বড় এক ম্যাচ।’ ২০১৩ চ্যাম্পিয়নস লিগ জিতে অবসরে যাওয়া হেইঙ্কেস কিন্তু এবারও জয়ের ইঙ্গিত পাচ্ছেন। সেবার মৌসুম শেষ হওয়ার আগেই পেপ গার্দিওলাকে কোচ হিসেবে নিয়োগের কথা জানিয়েছিল বায়ার্ন। আজও ড্রর আগে পরের মৌসুমের কোচ হিসেবে নিকো কোভাচের নাম জানিয়েছে বায়ার্ন। হেইঙ্কেস মিল খুঁজে পেয়েছেন আরেকটি, ‘ট্রেবল জেতার মৌসুমের সুখস্মৃতি আছে আমার। সেবারও জুভেন্টাস ও বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগ খেলেছিলাম। আশা করি, এটা ভালো ইঙ্গিত।’
রিয়ালের অবশ্য উল্টো দশা। লা লিগায় ভালো অবস্থায় নেই দল। তার ওপর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে ৩ গোল খেয়েছে রিয়াল। দলের পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো তাই সতর্ক, ‘বায়ার্ন অসাধারণ দল, দুই লেগেই আমাদের সেরা খেলা দেখাতে হবে। মিউনিখে ভালো ফল পেতে হবে এবং সেটা বার্নাব্যুতে টেনে আনতে হবে, প্রতিযোগিতার এ অবস্থায় পরীক্ষা দিতেই হবে। ফাইনালে এতে যদি কষ্ট হয়, তবে তাই হোক। আমরা ফাইনালে উন্মুখ। এবারের চ্যাম্পিয়নস লিগ খুব কঠিন হলো, পিএসজি, জুভেন্টাসের পর এখন বায়ার্ন।’

তবে গত বছর এই বায়ার্নকেই দুই লেগে হারিয়েছে রিয়াল। এটাই তাদের অনুপ্রেরণা জোগাবে। এতেও কাজ না হলে আরেকজন তো থাকছেনই, রোনালদো! বায়ার্নের বিপক্ষে সর্বশেষ ৩ ম্যাচে ৭ গোল রোনালদোর। সব মিলিয়ে ৬ ম্যাচে ৯ গোল। এ ধারাটা চললেই তো কেল্লা ফতে রিয়ালের।