রিয়াল নয়, বার্সার বড় হুমকি ইংলিশ প্রিমিয়ার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার প্রধান প্রতিপক্ষ এখন রিয়াল নয়! ছবি: এএফপি।
বার্সেলোনার প্রধান প্রতিপক্ষ এখন রিয়াল নয়! ছবি: এএফপি।

বার্সেলোনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে বা কারা? এই প্রশ্ন শুনে হয়তো প্রশ্নকারীকে বোকা ঠাওরাতে পারেন। কিংবা প্রশ্ন তুলতে পারেন, প্রশ্নকর্তার ফুটবল-জ্ঞান নিয়েও। কিন্তু বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউ নিজেই জানিয়েছেন, এই মুহূর্তে তাঁদের প্রধান প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ নয়!


বার্তেমেউয়ের এই মন্তব্যকে রিয়ালের প্রতি অবজ্ঞা বা হামবড়া ভাব ভেবে বসবেন না। ফুটবলীয় দৃষ্টিকোণ নয়, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই এ কথা বলেছেন বার্সা প্রধান। বার্সেলোনা চিন্তিত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে। মোদ্দাকথা ইংলিশ প্রিমিয়ার লিগই এখন বার্সেলোনার জন্য তৈরি করেছে সবচেয়ে বড় হুমকি।

ব্যাপারটা একটু ভেঙেই বলা যাক। আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০টি ক্লাব টেলিভিশন স্বত্ব বাবদ বিশ্বখ্যাত সম্প্রচার সংস্থা স্কাই স্পোর্টস ও বিটি স্পোর্টসের কাছ থেকে পেতে যাচ্ছে ৫.১৩৬ বিলিয়ন মার্কিন ডলার।

এই পরিমাণ অর্থ ইংলিশ ক্লাবগুলোকে নিশ্চয়ই কেবল চেহারা দেখে দিচ্ছে না সম্প্রচার সংস্থা দুটি। টেলিভিশন দর্শকদের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা অনেক বেশি দেখেই অর্থের পরিমাণটা এমন বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে পৌঁছেছে।

বার্তেমেউকে ভাবাচ্ছে এই বিষয়টাই। ভবিষ্যতে তাঁর ক্লাব ইংলিশ প্রিমিয়ার ক্লাবগুলোর দাপটে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় কি না, বার্সেলোনা সভাপতির দুর্ভাবনা এটিই। তিনি মনে করেন, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুল, চেলসি—ইংলিশ ফুটবলের এই জনপ্রিয় ক্লাবগুলোর বাইরেও বেশ কিছু ক্লাব টেলিভিশন স্বত্বের বাজারে ইংলিশ ফুটবলের আধিপত্য বাড়িয়ে দিচ্ছে, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ এখন বিশ্বের সেরা ফুটবল প্রতিযোগিতা।
ইংলিশ প্রিমিয়ার লিগই এখন দর্শকদের সবচেয়ে পছন্দের লিগ। কারণ এই লিগে চ্যাম্পিয়নশিপের জন্য একাধিক দলের মধ্যে প্রতিযোগিতা হয়। ব্যাপারটি এই লিগের ব্যবসায়িক সাফল্যে অবদান রাখছে।’

ইংলিশ ক্লাবগুলোর এই উত্থান ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজারকেও প্রভাবিত করবে বলে শঙ্কা বার্তেমেউয়ের। এই মুহূর্তে বিশ্বের সেরা কয়েকজন তারকাকে এনেও লা লিগা জমজমাট লড়াই উপহার দিতে পারছে না।

স্বাভাবিকভাবেই বেশি করে টানতে পারছে না দর্শক। লা লিগার সম্প্রচারের মান, ধারাভাষ্যের স্প্যানিশ ঘেঁষা ইংরেজি উচ্চারণ—এসব নিয়েও দর্শকদের প্রশ্ন আছে। সবচেয়ে বড় কথা, এশিয়ার বাজার ধরতে ইংলিশ লিগ তাদের খেলার সময় বদলে ফেললেও এখনো লা লিগা সেভাবে এটি কাজে লাগাতে পারেনি।

ক্লাবগুলোর বড় আয়ের উৎ​স টিভি সম্প্রচার। দিনকে দিন এটি ইংলিশ প্রিমিয়ার লিগে বাড়তে থাকলে সেখানকার ক্লাবগুলোও আর্থিকভাবে বেশি শক্তিশালী হবে। ভবিষ্যতে বড় বড় তারকাকে লোভনীয় ট্রান্সফার আর বেতন ফি দিয়ে দলে টানার ক্ষেত্রে ইংলিশ ক্লাবগুলো এগিয়ে থাকবে। এটাই ভাবাচ্ছে বার্সাকে, ‘আমাদের এখন নিজেদের উন্নতি করতে হবে। রাজস্ব বাড়াতে হবে। আয়ের ক্ষেত্র বাড়াতে হবে। এ ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই।

নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারলেই বড় বড় তারকারা আমাদের সঙ্গে থাকবে।’