রিয়াল-বার্সাও এখন ভয় পাবে যে দলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আক্রমণভাগে হিগুয়েইনের সঙ্গী স্বদেশি দিবালা। এই দলকে ভয় পেতেই হবে
আক্রমণভাগে হিগুয়েইনের সঙ্গী স্বদেশি দিবালা। এই দলকে ভয় পেতেই হবে

ইউরোপে সবচেয়ে শক্তিশালী দল কোনটি? গত মৌসুম পর্যন্তও এই প্রশ্নে সবচেয়ে বেশি শোনা যেত তিনটি নাম—বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। তা-ই হওয়ার কথা। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে চেলসির পর থেকে ইউরোপসেরার মুকুটটা এই তিন দলের মধ্যেই হাতবদল হয়েছে। আগামী মৌসুমের সম্ভাব্য চ্যাম্পিয়নস লিগজয়ীর তালিকায়ও এই তিন দলই সবার চেয়ে এগিয়ে থাকবে। তবে এই তিন দলের সঙ্গে টেক্কা দিতে, কাগজে-কলমে, আগামী মৌসুমে আরেকটি দলও উঠে আসছে—জুভেন্টাস! 

ডিফেন্স, মিডফিল্ড কি আক্রমণ—শক্তিতে বায়ার্ন, বার্সা বা রিয়ালের চেয়ে এবার পিছিয়ে নেই টানা পাঁচবারের ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সিরি ‘আ’কে তো ‘ক্লাবগত সম্পত্তি’ বানিয়েই রেখেছে। দলবদলে জুভেন্টাসের সাজানো ছক দেখে মনে হচ্ছে, এবার চ্যাম্পিয়নস লিগ শিরোপাকেও পাখির চোখ করেছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
দলবদল ফি-এর তৃতীয় সর্বোচ্চ রেকর্ড (৯৪ মিলিয়ন ইউরো) গড়ে গঞ্জালো হিগুয়েইনকে নাপোলি থেকে নিয়ে আসার পরই আলোচনাটা বেশি হচ্ছে জুভদের ঘিরে। দু-তিন মৌসুম ধরেই ইউরোপে ‘কিছু একটা করে দেখানোর’ চেষ্টা করে যাচ্ছিল তুরিনের ক্লাবটি। এক মৌসুম আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও হেরেছে বার্সেলোনার কাছে। কিন্তু এরপরই দলে অনেকগুলো পরিবর্তন।
পিরলো, তেভেজ, ভিদাল—দলের ‘মেরুদণ্ডে’র তিন বড় ভরসা চলে গেলেন জুভেন্টাস ছেড়ে। সেখানে আসা উঠতি তারকা দিবালা, কিংবা খেদিরাদের মতো অন্য লিগ থেকে আসা তারকাদের মানিয়ে নিতে শুরুতে একটু সময় লেগেছে। তারপরও কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার আগে জুভেন্টাস বেশ বড় পরীক্ষাই নিয়েছিল বায়ার্ন মিউনিখের।
দলে বদল আসছে এবারও। স্ট্রাইকার আলভারো মোরাতা চলে গেছেন শৈশবের ক্লাব রিয়ালে, চার মৌসুম ধরে মিডফিল্ডে ভরসা হয়ে থাকা পল পগবাও ম্যানচেস্টার ইউনাইটেডে প্রায় যোগ দিয়েই ফেলেছেন। তবে এবার পরিবর্তনের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে জুভেন্টাস। হিগুয়েইনকে তো এনেছেই, এর আগে রোমা থেকে এসেছেন মিডফিল্ডার মিরালেম পিয়ানিচকে, বার্সেলোনা থেকে ডিফেন্ডার দানি আলভেজ, ক্রোয়েশিয়ার হয়ে ইউরো মাতানো উইঙ্গার মার্কো পিয়াকা ও বায়ার্ন ডিফেন্ডার মেহদি বেনাশিয়া।
সঙ্গে যোগ করে নিন গোলপোস্টে জিয়ানলুইজি বুফন, আর তাঁর সামনে রক্ষণে বিখ্যাত ‘বিবিসি’ ত্রয়ী—বোনুচ্চি, বারজাল্লি ও কিয়েল্লিনি। আর আক্রমণভাগে হিগুয়েইনের সঙ্গী স্বদেশি দিবালা।
হ্যাঁ, কোনো নিশ্চয়তা নেই, এমন দল নিয়ে জুভেন্টাসই সব শিরোপা জিতে যাবে। ফুটবলের রোমাঞ্চই তো সেখানে। তবে জুভেন্টাস এবারের দলবদল হয়েছে অনেকটা ‘জিগ-স পাজলে’র সমাধান বের করার মতো। হিগুয়েইনকে নিয়ে আসা সেটিরই প্রমাণ। গত মৌসুমে নাপোলির হয়ে ইতালিয়ান রেকর্ড ৩৬ গোল করা আর্জেন্টাইন স্ট্রাইকার এবারও তেমন কিছুই করবেন, সেটি ধ্রুব সত্য নয় ঠিকই। তবে হিগুয়েইনকে এনে একদিকে আক্রমণে শক্তি হারাল গত মৌসুমে দ্বিতীয় হওয়া নাপোলি, অন্যদিকে জুভেন্টাসের শক্তি বাড়ল।

২০০৭-০৮ মৌসুমে জুভে কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর পর জুভেন্টাসে কখনো একজন ‘কাপোক্যানোনিয়েরি’ (ইতালিয়ান সর্বোচ্চ স্কোরার গোল্ডেন বুটজয়ী) ছিল না। এবার দলে থাকছে গত মৌসুমে লিগে সর্বোচ্চ গোল করা দুই স্ট্রাইকার দিবালা ও হিগুয়েইনই।
ডিফেন্স তো সব সময়ই শক্তির জায়গা। এবার মিডফিল্ড ও আক্রমণেও বায়ার্ন-রিয়াল-বার্সার সঙ্গে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের দৌড়ে নামছে জুভেন্টাসও। সমঝে চলতেই হবে বাকি দলগুলোকে। কে জানে, এবারের ইউরোপটাকে জুভরা ‘সাদা-কালো’ বানিয়েই ফেলে কি না!