রিয়াল-বার্সার ড্রয়ের রাতে হ্যাজার্ডের ফেরা
রাতটা এক অর্থে ম্যাড়মেড়েই বলা চলে। যে রাতে রিয়াল-বার্সা দুই দলই ড্র করে, কোর্তোয়া, বেনজেমা, মদরিচ, দেম্বেলেদের মতো খেলোয়াড়দের খেলতে দেখা যায় না, সে রাত আবার ম্যাড়মেড়ে না তো কি?
ম্যাড়মেড়ে রাতের মনে রাখার মতো উপলক্ষ্য একটাই, ফেব্রুয়ারির পর এই প্রথম মাঠে নেমেছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান উইঙ্গার এদেন হ্যাজার্ড। তাতেও জিততে পারেনি রিয়াল। কাদিজের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে।
রিয়াল এক অর্থে দ্বিতীয় সারির দল নিয়েই খেলতে নেমেছিল। মূল একাদশে ছিলেন না কোর্তোয়া, বেনজেমা, মদরিচ, মেন্দি, কারভাহাল, আলাবাদের কেউই। চ্যাম্পিয়নস লিগ ফাইনালকে সামনে রেখে খর্বশক্তির দলই নামিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। সেন্টারব্যাক হেসুস ভায়েহো খেলেছেন রাইটব্যাক হিসেবে, রাইট উইঙ্গার লুকাস ভাসকেজ লেফটব্যাক হিসেবে খেলে চমক দেখিয়েছেন।
ম্যাচের ৫ মিনিটেই রদ্রিগোর সহায়তায় গোল পেয়ে যান বেনজেমার জায়গায় সুযোগ পাওয়া স্ট্রাইকার মারিয়ানো দিয়াজ। ৩৭ মিনিটে রুবেন সোবরিনোর কল্যাণে গোল শোধ করে কাদিজ।
হয়তো রিয়াল ম্যাচটা হেরেও যেত, কিন্তু যায়নি বিকল্প গোলকিপার আন্দ্রেই লুনিনের বীরত্বে। কোর্তোয়ার জায়গায় খেলতে নামা ইউক্রেনের এই গোলকিপার ৬১ মিনিটে সাবেক ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আলভারো নেগ্রেদোর পেনাল্টি আটকে দলকে হারের মুখ থেকে বাঁচান।
মজার ব্যাপার হলো, এই লুনিনই নেগ্রেদোকে বক্সে ফেলে দিয়েছিলেন বলে পেনাল্টি পেয়েছিল কাদিজ, যে সুবিধাটা তাঁরা কাজে লাগাতে পারেনি।
রিয়ালের ম্যাচে তো তাও দুটি গোল হয়ে তারপর ড্র হয়েছে, বার্সার ম্যাচে সেটাও হয়নি। গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা-হেতাফে। ড্র করা ম্যাচে বার্সেলোনার চিন্তা বাড়িয়েছেন মেম্ফিস ডিপাই। ম্যাচের শেষদিকে এসে চোটে পড়েছেন তিনি।
তবে এই ড্রয়ে মোটামুটি কাগজে-কলমে বার্সেলোনা যে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করবে, সেটা নিশ্চিত হয়ে গেল। ওই এক তথ্য থেকেই একটু শান্তি পাবেন বার্সা-ভক্তরা!