রিয়াল-বার্সার স্কোয়াডের দাম = বাকি আঠারো দল!

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হয়েছে শুক্রবার থেকে। আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ২০ দলের এ লিগে কাগজে-কলমে চ্যাম্পিয়ন হতে পারে যে-কেউ। কিন্তু বাস্তবতা হলো, লা লিগা এখনো সেই ‘দুই ঘোড়া’র দৌড়—রিয়াল কিংবা বার্সা। মাঠের পারফরম্যান্স তো আছেই, এমনকি স্কোয়াডপিছু খরচের দিক থেকেও রিয়াল-বার্সার ধারেকাছেও নেই বাকি ১৮ ক্লাব।
লা লিগার ২০ ক্লাবের মধ্যে আর্থিক সামর্থ্যের পার্থক্যটা চোখে লাগার মতো। কাতালুনিয়ার দল জিরোনার কথাই ধরুন, নিজেদের ৮৭ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো তারা উঠে এসেছে স্পেনের শীর্ষস্থানীয় লিগে। দল গড়তে খরচ বিচারে জিরোনা (৪৬ লাখ ইউরো) তলানিতে। এর মধ্যে ১৯ খেলোয়াড়কেই তারা দলে ভিড়িয়েছে বিনা পয়সায়!
লা লিগায় এবার ২৪ দলের স্কোয়াড গড়তে রিয়ালের মোট খরচ ৪৭ কোটি ১৫ লাখ ইউরো। খরচের দিক থেকে তারাই শীর্ষে। প্রায় ৪৩ কোটি ৪৯ লাখ ইউরো খরচ করে দ্বিতীয় বার্সেলোনা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদ (২৭ কোটি ৪৭ লাখ ইউরো), ভ্যালেন্সিয়া (১৪ কোটি ৯৫ লাখ ইউরো) ও সেভিয়া (১৩ কোটি ৫০ লাখ ইউরো)।

স্কোয়াড গড়তে লা লিগার সব দলের মোট খরচ প্রায় ১৮৮ কোটি ৮৯ লাখ ইউরো। এর মধ্যে শুধু রিয়াল-বার্সার সম্মিলিত খরচই ৯০ কোটি ৬২ লাখ ইউরো। বাকি ১৮ দল মিলে খরচ করেছে প্রায় ৯৮ কোটি ২৬ লাখ ইউরো। অর্থাৎ স্কোয়াড গড়ার খরচ বিচারে বাকি ১৮ দলের সঙ্গে মাত্র ৭ কোটি ৬৪ লাখ ইউরো (প্রায়) ব্যবধানে পিছিয়ে রিয়াল-বার্সা।
দল গড়তে রিয়াল যা খরচ করেছে, এর প্রায় অর্ধেকই ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের পেছনে। লিওনেল মেসিকে নিয়ে বার্সার অবশ্য এ ঝামেলা নেই। কেননা, আর্জেন্টাইন স্ট্রাইকারকে তো অন্য কোনো ক্লাব থেকে কিনতে হয়নি বার্সার। নেইমারও ঠিকানা বদল করায় বার্সায় এখন লুইস সুয়ারেজই সবচেয়ে ব্যয়বহুল সাইনিং। উরুগুয়ে স্ট্রাইকারটির পর ধারাবাহিকভাবে আসতে পারে পাউলিনহো, আন্দ্রে গোমেজ, আরদা তুরান, নেলসন সেমেদো ও পাকো আলকাসেরের নাম। তাঁদের সাইন করাতে বার্সার মাথাপিছু খরচ ৩ থেকে ৪ কোটি ইউরো।
অ্যাটলেটিকোর কোনো খেলোয়াড়েরই দাম ৩ কোটি ৬০ লাখ ইউরোর বেশি নয়। স্কোয়াড গড়তে ১০ কোটি ইউরো খরচের মাইলফলক টপকে গেছে মাত্র ছয়টি ক্লাব—রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, সেভিয়া ও ভিলারিয়াল (১১ কোটি ২৯ লাখ ইউরো প্রায়)। সূত্র: মার্কা