রিয়াল-বার্সেলোনার খেলা কবে, কোন টিভিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বার্সেলোনার চার অধিনায়ক, এক আর্মব্যান্ড। ছবি: টুইটার
বার্সেলোনার চার অধিনায়ক, এক আর্মব্যান্ড। ছবি: টুইটার

বার্সেলোনা-সেভিয়া স্প্যানিশ সুপার কাপের লড়াই দেখতে হলে আজ বাংলাদেশি সমর্থকদের রাত জাগতে হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় উয়েফা সুপার কাপের ম্যাচে মুখোমুখি হবে অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ

‘সুপার’ মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই দলই তাদের মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু করবে সুপার কাপের ম্যাচ দিয়ে। বার্সেলোনার মৌসুম শুরু হয়ে যাচ্ছে আজই। স্প্যানিশ সুপার কাপে সেভিয়ার মুখোমুখি হবে তারা। রিয়াল মাদ্রিদ সমর্থকদেরও বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী বুধবার উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের।

আগের মৌসুমের স্প্যানিশ লিগ ও স্প্যানিশ কাপ-জয়ীরা মুখোমুখি হয় স্প্যানিশ সুপার কাপে। বার্সেলোনা যেহেতু দুটি শিরোপাই জিতেছে, স্প্যানিশ কাপের ফাইনালিস্ট হিসেবে সেভিয়া সুপার কাপ খেলার সুযোগ পাচ্ছে। আর উয়েফা সুপার কাপে মুখোমুখি হয় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ-জয়ী দুই দল। এবার দুটি শিরোপাই গেছে মাদ্রিদ শহরে। সুপার কাপ তাই হচ্ছে মাদ্রিদ ডার্বি।

বার্সেলোনা-সেভিয়া লড়াই দেখতে হলে আজ বাংলাদেশি সমর্থকদের রাত জাগতে হবে। এবারই প্রথমবার স্প্যানিশ সুপার কাপ দুই লেগের বদলে এক ম্যাচ হবে। খেলাও হবে স্পেনের বাইরে। আফ্রিকার দেশ মরক্কোর তাঞ্জিয়ারে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। বাংলাদেশি সমর্থকদের জন্য আরও একটি দুঃসংবাদ হলো, ম্যাচটি বাংলাদেশে দেখা যায় এমন কোনো টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে না। খেলা দেখার জন্য তাই ইন্টারনেট ভরসা। বেশ কিছু ওয়েবসাইটেও এখন খেলা দেখা যায়। আইনগতভাবে তা অবশ্য বৈধ সম্প্রচার নয়। তবে বার্সেলোনার পাগল সমর্থকদের তো আর রোখা যাবে না। ভোর ৫টায় ম্যাচ শেষ হবে, কিংবা খেলা দেখতে ওয়েবসাইট ঘাঁটাঘাঁটির হ্যাপা সামলাতে হবে, এসব কিছুই হয়তো তাদের দমাতে পারবে না।

কাল এসি মিলানকে হারিয়ে সান্তিয়াগো বার্নাব্যু কাপ জয়ের পর। মিলান আর বার্সেলোনার একটি রেকর্ড ডাকছে রিয়ালকে। ছবি: টুইটার
কাল এসি মিলানকে হারিয়ে সান্তিয়াগো বার্নাব্যু কাপ জয়ের পর। মিলান আর বার্সেলোনার একটি রেকর্ড ডাকছে রিয়ালকে। ছবি: টুইটার

রিয়াল বা অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের জন্য সেদিক দিয়ে সুখবর আছে। বুধবার রাত ১টায় শুরু ম্যাচটি টিভিতে দেখা যাবে। সেটি দেখাবে সনি টেন টু ও সনি টেন টু এইচডি। এবার উয়েফা সুপার কাপ জিতলে বার্সেলোনার রেকর্ড ধরে ফেলবে রিয়াল। বার্সেলোনা ও এসি মিলানের রেকর্ড সর্বোচ্চ ৫ বার এই ট্রফি জেতার কীর্তি আছে। রিয়াল জিতেছে চারবার।

স্প্যানিশ সুপার কাপও বার্সেলোনা রেকর্ড সর্বোচ্চ ১২ বার জিতেছে। রিয়াল জিতেছে ১০ বার। বার্সেলোনার সামনে আজ সুযোগ ব্যবধানটা বাড়িয়ে নেওয়ার। বার্সেলোনা অবশ্য রেকর্ড ১০ বার রানার্সআপও হয়েছে। ফলে সেভিয়া আশা করতেই পারে। তবে ভয়ের রেকর্ডও আছে তাদের জন্য। ২০০৭ সালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ জিতেছিল সেভিয়া। সেটিই তাদের একমাত্র শিরোপা। এরপর ২০১০ ও ২০১৬ সালের সুপার কাপে দুবারই তারা হেরেছে বার্সেলোনার কাছে!

আজকের সুপার কাপ লিওনেল মেসির জন্যও বিশেষ কিছু। বার্সেলোনার মূল অধিনায়ক হিসেবে আজ অভিষেক হবে তাঁর। আর আজ জিতলে বার্সেলোনার হয়ে এটি হবে মেসির ৩৩তম শিরোপা। শিরোপাসংখ্যায় মেসি হয়ে যাবেন বার্সেলোনার সর্বকালের সফলতম। এখন রেকর্ডটা আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছে তাঁকে। কাতালান ক্লাবটির জার্সিতে ইনিয়েস্তা জিতেছে ৩২ শিরোপা।