রিয়াল বোঝেনি যে তারা কী জিতেছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের জেতা ছয় চ্যাম্পিয়নস লিগ ট্রফি নিয়ে গান্তো। ছবি: মার্কা
নিজের জেতা ছয় চ্যাম্পিয়নস লিগ ট্রফি নিয়ে গান্তো। ছবি: মার্কা

হোসে মরিনহোর কথায় তো বিতর্কের ঝড়ই বয়ে গিয়েছিল। বিশ্বকাপের চেয়ে নাকি চ্যাম্পিয়নস লিগ জেতা কঠিন! বিশ্বকাপ, যেখানে বৈশ্বিক এক প্রতিযোগিতা, যার জন্য অপেক্ষা করতে হয় চার বছর, তার চেয়ে কিনা মহাদেশীয় এক ক্লাব-প্রতিযোগিতাকে প্রাধান্য দিচ্ছেন মরিনহো! সেদিন মরিনহোর মন্তব্যের অন্তর্নিহিত ব্যাপারটা বুঝতে অপারগ ছিলেন বেশিরভাগ সমালোচকই। চ্যাম্পিয়নস লিগের ক্রমবর্ধমান গুরুত্বকে নির্দেশ করেই হয়তো মরিনহো ওই মন্তব্যটি করেছিলেন। সত্যিই তো হাল আমলে প্রতিযোগিতাটির মাহাত্ম্যই তো অন্যরকম।

এই লড়াইয়ের মাহাত্ম্য ফ্রান্সেসকো গেন্তোর চেয়ে বেশি আর কে-ই বা বুঝতে সক্ষম! সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই গেন্তো নিজের মুখেই জানিয়েছেন, প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নাকি তেমন কিছুই বোঝেননি তিনি।

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বটা খুব ভালোই উপলব্ধি করেছিলেন মরিনহো স্বয়ং। চেলসিকে প্রথম দফায় বেশ কয়েকটি শিরোপা এনে দেওয়ার পরেও মরিনহোকে ছাঁটাইয়ের শিকার হতে হয়েছিল। কারণ তিনি দলকে চ্যাম্পিয়নস লিগ এনে দিতে পারেননি। তাই তাঁর কাছে ইউরোপ-সেরা হওয়ার এই লড়াইয়ের গুরুত্ব অন্যরকম হতেই পারে। ইকার ক্যাসিয়াসও তো মরিনহোর কথারই পুনরাবৃত্তি করেছিলেন রিয়ালের হয়ে ‘লা ডেসিমা’ জয়ের পর, ‘এটা সত্যি, বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়নস লিগ জেতাটা অনেক বেশি কঠিন।’
তার মানে, ধীরে ধীরে চ্যাম্পিয়নস লিগের শিরোপার গুরুত্ব বিশ্বকাপের কাতারেই চলে আসছে। অথচ, শুরুতে কিন্তু বোঝা যায়নি প্রতিযোগিতাটি এমন মহীরূহের রূপ ধারণ করবে!

১৯৫৬ তে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফরাসি ক্রীড়া পত্রিকা লা ইকুইপের সম্পাদক গ্যাব্রিয়েল হানোতের মস্তিষ্ক-প্রসূত ছিল এই প্রতিযোগিতা। তখন অবশ্য এর নাম ছিল ইউরোপিয়ান কাপ। ৬০ বছর আগে এই সেপ্টেম্বরেরই ৮ তারিখে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের (তখনকার ইউরোপিয়ান কাপ) প্রথম ম্যাচ খেলেছিল। সেবার ফরাসি ক্লাব স্তাদ ডি রেইমসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ‘লস ব্লাঙ্কোস’ রা। কিন্তু ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য ফ্রান্সেসকো গান্তোর স্মৃতি অনুযায়ী, রিয়ালের ফুটবলাররা নাকি এই প্রতিযোগিতার গুরুত্বটাই উপলব্ধি করতে পারেননি। প্রতিযোগিতাটিকে কেবলই ‘আরেকটা প্রতিযোগিতা’ হিসেবে ধরে নিয়েছিলেন তাঁরা, ‘আমাকে স্বীকার করতেই হবে, ইউরোপিয়ান কাপের গুরুত্বই আমরা বুঝিনি। আমরা শুধু মাত্র আরেকটি প্রতিযোগিতা ভেবেই খেলতে গিয়েছিলাম। প্রতিযোগিতাটির ফরম্যাট কিংবা এর ভূত-ভবিষ্যৎ নিয়ে কোনো ধারণাই ছিল না আমাদের। কেবল শিরোপা জয়ের পর আমরা প্রচুর আনন্দ করেছিলাম, এটা মনে আছে। তখন এর গুরুত্ব না বুঝলেও রিয়াল মাদ্রিদের হয়ে কিন্তু ঠিকই বারবার এই শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছে তাঁর। ১৯৬০ সাল পর্যন্ত টানা পাঁচবার এই শিরোপা ছিল রিয়ালের দখলে। ১৯৬৬ সালে ষষ্ঠবারের মতো যখন এই শিরোপা জিতলেন তারপর থেকেই অনন্য এক রেকর্ডের মালিক গান্তো। মোট ছয়বার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। তাঁর ধারে কাছে আছেন কেবল রিয়াল মাদ্রিদ সতীর্থ আলফ্রেডো ডি স্তেফানো এবং ইতালীয় তারকা পাওলো মালদিনি। এই দুজন মোট পাঁচবার করে জিতেছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

চ্যাম্পিয়নস লিগের এই রমরমা যুগে কেবল একটি কথা মনে করেই দীর্ঘশ্বাস ফেলেন সাবেক স্প্যানিশ তারকা। প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের কোনো ভিডিও ফুটেজই নাকি সংরক্ষিত নেই। নিজেদের ওই ঐতিহাসিক জয় কেবল স্মৃতির মণিকোঠাতেই লালন করে রেখেছেন তিনি। আনন্দময় সেই স্মৃতি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার কোনো উপায়ই নেই, ‘ওই ম্যাচটা ভিডিও করা হয়নি। তখন টেলিভিশনের ছড়াছড়ি না থাকার কারণে সেই চিন্তাও কারওর মাথায় আসেনি। আফসোস হয়, প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপ জয়ের সেই স্মৃতি কারও সঙ্গে ভাগাভাগি করে নিতে না পারার কারণে। এখন তো সবকিছুই ভিডিওতে সংরক্ষিত। আমাদের যুগের স্মৃতিগুলো ভিডিওতে সংরক্ষণ করতে পারলে কিন্তু দারুণ ব্যাপার হতো।’ সূত্র: মার্কা।