রিয়াল মাদ্রিদ, ফ্লোরেন্তিনো পেরেজ ও রোহিত শর্মা!

>দুই দিন আগেই বোমা ফাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রান্স ফুটবল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কারণেই ক্লাব ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন তিনি। আর এতেই পেরেজের ওপরে চটেছেন ভারতীয় ক্রিকেট তারকা!
মারকুটে ব্যাটসম্যান তো তিনি বটেই, রোহিত শর্মার কিন্তু পরিচিতি আছে আরও একটা। নিয়মিত ইউরোপীয় ফুটবল লিগ, বিশেষ করে স্প্যানিশ লা লিগা দেখেন তিনি। আর স্পেনে তাঁর প্রিয় দল রিয়াল মাদ্রিদ। সামাজিক মাধ্যমে যাঁরা রোহিতের সঙ্গে আছেন, তাঁরা ব্যাপারটি ভালো জানেন। রিয়ালের একজন পাঁড় ভক্ত তিনি। প্রায়ই রিয়ালের বিভিন্ন খেলার ছবি পোস্ট করেন তিনি। রোহিতের রিয়াল-প্রীতির সর্বশেষ নমুনা পাওয়া গেল গতকাল বিকেলে। রোনালদোর সাক্ষাৎকারের একটা ছবি পোস্ট করে সেটার ক্যাপশনে সরাসরি রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে আক্রমণ করে রোহিত লিখেছেন, ‘এ কী করলেন আপনি পেরেজ!’

মৌসুমের শুরুতে সবাইকে বিস্মিত করে জুভেন্টাসে চলে গেছেন রোনালদো। পর্তুগিজ কিংবদন্তির ক্লাব ছাড়ার কারণ হিসেবে তখন রিয়ালের পক্ষ থেকে বলা হয়েছিল, রোনালদো নিজেই থাকতে চাননি। ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো একে মিথ্যা দাবি করেছেন। বলেছেন, ফ্লোরেন্তিনো পেরেজের জন্যই নাকি রিয়াল ছাড়তে হয়েছে তাঁকে, ‘সে (পেরেজ) আমাকে শুধু একটা বাণিজ্যিক চুক্তি হিসেবেই দেখত। আমি জানি। আমাকে সে যখন যা বলেছে, কোনোটাই মন থেকে বলেনি।’ রিয়ালের পক্ষ থেকে যে জানানো হয়েছিল, ‘রোনালদো নিজেই ক্লাব ছাড়তে চেয়েছিল’, এ তথ্যকে ভুল প্রমাণ করতে রোনালদো বলেছেন পেরেজের আচরণই বাধ্য করেছে এমন সিদ্ধান্ত নিতে, ‘ক্লাবের পক্ষ থেকেই অবহেলাটা বুঝতে পারছিলাম। বিশেষ করে পেরেজের কাছ থেকে। আমি বুঝতে পারছিলাম, তারা আর আগের মতো আমাকে চায় না ক্লাবে। প্রথম চার-পাঁচ বছরে আমার আসলেই মনে হতো, হ্যাঁ আমিই, “ক্রিস্টিয়ানো রোনালদো।” এরপর থেকে আস্তে আস্তে অনুভূতিটা দূর হয়ে গেছে। প্রেসিডেন্টের কাছ থেকেও আর আগের মতো আচরণ পাইনি আমি। এমন ভাব করত যে আমাকে না হলেও চলবে তাদের। আমি কী বোঝাতে চাচ্ছি, আশা করি বুঝতে পারছেন!’
জুভেন্টাসে বেশি বেতন পাচ্ছেন, তাই গিয়েছেন—এ তথ্যটাও নাকি মিথ্যা, ‘এটাই আমাকে ক্লাব ছাড়ার ব্যাপারে ভাবিয়ে তুলেছিল। আমি খবর দেখতাম, সেখানেও তারা বলে বেড়াত আমি নাকি ক্লাব ছাড়তে চাই। আমার সব সময় মনে হতো প্রেসিডেন্ট আমাকে ধরে রাখবেন না। আমি টাকার জন্য ক্লাব ছাড়িনি। টাকা কামাতে চাইলে তো চীনেই যেতে পারতাম। তাহলে এখনের চেয়ে অন্তত পাঁচগুণ বেশি টাকা পেতাম। জুভেন্টাসেও আমি রিয়ালের মতোই টাকা পাচ্ছি, একটু কমও হতে পারে। ব্যাপারটা কখনোই বেতনসংক্রান্ত ছিল না। পার্থক্যটা হচ্ছে জুভেন্টাস আমাকে আসলেই চেয়েছে। আমাকে তারা সেটা দেখাতেও পেরেছে যে তারা আমাকে চায়।’
রোনালদোর এমন স্বীকারোক্তির পর বিশ্বব্যাপী লাখো রিয়াল–সমর্থকের মত রোহিতের হৃদয়েও হয়েছে রক্তক্ষরণ। আর তারই বহিঃপ্রকাশ এই টুইটার বার্তা! নিজে ভারতের মতো দেশের বড় ক্রিকেট তারকা হতে পারেন, কিন্তু তাঁর মনের কোণে যে ফুটবল, বিশেষ করে রিয়াল আর রোনালদো বাস করে, সেটিই যেন জানিয়ে দিলেন রোহিত।