ইয়ুর্গেন ক্লপের চিন্তা মাঝমাঠের খেলোয়াড়দের চোট নিয়ে। ফাবিনিও কিংবা থিয়াগো আলকানতারার মতো খেলোয়াড়দের মাঠে নামাতে পারবেন কি না, এখনো অনিশ্চিত। কার্লো আনচেলত্তিকে আবার ভাবাবে টনি ক্রুস কিংবা দানি কারভাহালের মতো খেলোয়াড়দের ফর্মহীনতা। ডেভিড আলাবা পুরো ফিট আছেন কি না, সে চিন্তাও আছে। গত দুই রাউন্ডে রিয়াল মাদ্রিদকে উদ্ধার করেছিল রদ্রিগো গোয়েসের গোলগুলো, আজ মূল একাদশে রাখার মাধ্যমে আনচেলত্তি কি তরুণ শিষ্যকে ‘পুরস্কৃত’ করবেন? ফন ডাইকের সঙ্গে রক্ষণভাগে জুটি বাঁধবেন কে?
আজ প্যারিসে অনুষ্ঠেয় রিয়াল মাদ্রিদ আর লিভারপুলের মধ্যকার চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এসব নিয়েই। দুই কোচ সম্ভাব্য কোন কৌশলে দলকে মাঠে নামাবেন, সেটার মধ্যেই নিহিত থাকবে প্রশ্নগুলোর উত্তর। কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য কৌশল? অনুমান করে নেওয়া যাক!
কাগজে-কলমে দুই দলই ৪-৩-৩ ছকে নামবে। ব্যস, রিয়াল মাদ্রিদ আর লিভারপুলের মিল বলতে অতটুকুই। রিয়াল মাদ্রিদ ৪-৩-৩ ছকে খেললেও, রাইট উইঙ্গার হিসেবে প্রথাগত কোনো উইঙ্গার না খেলে ফেদেরিকো ভালভার্দের মতো কোনো মিডফিল্ডার খেললে, ভালভার্দের কাজ হবে সুযোগ বুঝে নিচে নেমে রাইটব্যাক দানি কারভাহালকে রক্ষণভাগে সাহায্য করা। সে ক্ষেত্রে ৪-৩-৩ ছকটা বদলে ৪-৪-২ হয়ে যায়।
বল পায়ে না থাকলে ৪-৪-২ ছকটা বেশ কার্যকরী রিয়াল মাদ্রিদের জন্য। প্রতিপক্ষের পায়ে বল থাকলে রিয়াল সাধারণত ৪-৪-২ বা ৪-৫-১ ছকেই প্রেস করে। করিম বেনজেমার সঙ্গে প্রেস করার জন্য ওপরে উঠে যান লুকা মদরিচ। করিম বেনজেমার ওপর দায়িত্ব থাকে প্রতিপক্ষের সেন্টারব্যাকদের প্রেস করার, ওদিকে মদরিচ প্রেস করেন প্রতিপক্ষের একজন রক্ষণাত্মক মিডফিল্ডারকে। প্রেস করার মাধ্যমে বল জোগাড় করতে পারলেই ব্যস!
ততক্ষণে প্রতিপক্ষের রাইটব্যাককে পরাস্ত করে ওপরে উঠে যাওয়া লেফট উইঙ্গার ভিনিসিয়ুসের পথে বল বাড়িয়ে দেন বেনজেমা, সৃষ্টি হয় গোলের সুযোগ। খেলার শুরু থেকেই এই কৌশল বাস্তবায়ন করতে চায় রিয়াল মাদ্রিদ, যে কারণে রিয়ালের ম্যাচের শুরুর কয়েকটা মিনিট দর্শকেরা নিশ্বাস ফেলতে পারেন না যেন। এতই দ্রুতগতির সঙ্গে হয় সবকিছু! চেলসির বিপক্ষে প্রথম লেগে প্রথম ২৪ মিনিটের মধ্যেই রিয়ালের দুই গোল, দ্বিতীয় লেগে ১৫ মিনিটের মধ্যে মাউন্টের গোল, ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩৩ মিনিটের মধ্যেই দুই দলের তিন গোল—এই কথারই প্রমাণ দেয়।
কিন্তু প্রতিপক্ষের মিডফিল্ডাররা মাঝমাঠের দখল নিয়ে নিলে বেনজেমা-মদরিচরা অত ভালোভাবে প্রেস করতে পারেন না। তখনই রিয়ালের ছকটা ৪-৩-৩ থেকে বদলে ৪-৫-১ বা ৪-৪-২ হয়ে যায়। লিভারপুলের অবশ্য প্রেস নিয়ে অমন কোনো সমস্যা নেই। বল পায়ে থাকুক বা না থাকুক, দুই ক্ষেত্রেই লিভারপুলের প্রেস করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
তাই বলে রিয়াল মাদ্রিদ কি পিছিয়ে আছে? অবশ্যই নয়। প্রেস নিয়ে রিয়াল মাদ্রিদের সামান্যতম চিন্তা থেকে থাকলে সেটা মিটিয়ে দেয় দলটার খেলোয়াড়দের মান। আক্রমণভাগে করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র, মাঝমাঠে লুকা মদরিচ আর টনি ক্রুস বল পায়ে এতটাই দক্ষ, যে মুহূর্তের মধ্যেই প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রেস ভেঙে বল নিয়ে বেরিয়ে যেতে পারেন, উঠে যেতে পারেন আক্রমণভাগে। লিভারপুলের মাঝমাঠে এক থিয়াগো আলকানতারা ছাড়া বল পায়ে জর্ডান হেন্ডারসন আর ফাবিনিও অতটা দক্ষ নন। নিজেরা গোলের সুযোগ সৃষ্টি করার চেয়ে থিয়াগো আলকানতারা বা ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ডরা যাতে আক্রমণ গড়ে তুলতে পারেন, সেদিকেই লক্ষ থাকে তাঁদের। আজও যার ব্যতিক্রম হবে না।
রিয়ালের বাঁ উইংয়ে লিভারপুলের রাইটব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ডের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের লড়াইটা আলাদা করে নজর কাড়তে বাধ্য। লিভারপুল এমনিতেই অনেক ওপরে উঠে এসে রক্ষণ করে, অ্যালেক্সান্ডার-আরনল্ড আবার নিজের জায়গা ছেড়ে মিডফিল্ডারের মতো মাঝমাঠে চলে আসেন। লিভারপুলের ডিফেন্ডাররা ওপরে উঠে গেলে তাঁদের রেখে আসা জায়গা গতি দিয়ে দখল করে নেওয়ার কাজটা ভিনিসিয়ুসই করতে পারবেন সবচেয়ে ভালো।
তাই বলে অ্যালেক্সান্ডার-আরনল্ড কি ভিনিসিয়ুসকে আটকে রাখতে রাখতেই ৯০ মিনিট পার করবেন? তাহলে যে লিভারপুলের গোল করার সুযোগ কমে যাবে বহুলাংশে, থিয়াগোর পাশাপাশি অ্যালেক্সান্ডার-আরনল্ডই যে লিভারপুলের সবচেয়ে বড় ‘প্লে-মেকার’! ক্লপ নিশ্চয়ই চাইবেন না আক্রমণের এত বড় অস্ত্রের ক্ষমতা শুধু ভিনিসিয়ুসকে আটকে রাখার কাজে ব্যয় হোক!
আর সেটা যাতে না হয়, সে ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে মূলত তিনজনকে। ডান দিকের সেন্টারব্যাক, ডান দিকের মিডফিল্ডার ও রক্ষণাত্মক মিডফিল্ডার। অ্যালেক্সান্ডার-আরনল্ড উঠে গেলে তাঁর জায়গায় ভিনিসিয়ুস যেন কিছু না করতে পারেন, সেটা লক্ষ রাখবেন ডান দিকের মিডফিল্ডার হেন্ডারসন আর ডান দিকের সেন্টারব্যাক, যেখানে জল মাতিপ আর ইবরাহিমা কোনাতের মধ্যে যেকোনো একজন খেলবেন।
কে খেলবেন, এখনো নিশ্চিত নয়। মাতিপ তুলনামূলকভাবে বেশি অভিজ্ঞ, দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলারও অভিজ্ঞতা আছে তাঁর। তবে কোনাতের তুলনায় তিনি কম গতিশীল, কম শক্তিশালী।
আর ভিনিসিয়ুসের মতো গতিশীল ফরোয়ার্ডকে রুখতে কোনাতের গতি ও শক্তির দরকার পড়বে বেশ। চ্যাম্পিয়নস লিগের শেষ কয়েকটা ম্যাচে মাতিপের জায়গায় কোনাতেকেই খেলিয়েছেন ক্লপ।
ফাবিনিও বা থিয়াগো পুরো সুস্থ থাকলে লিভারপুলের মিডফিল্ডত্রয়ীর মাঝে রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে থাকেন ফাবিনিও, ডান দিকে আলেক্সান্ডার-আরনল্ডের সামনে থাকেন জর্ডান হেন্ডারসন, বাঁ দিকে থাকেন থিয়াগো। ফাবিনিও খেলতে না পারলে হেন্ডারসন বাঁ দিক থেকে চলে আসবেন মাঝে, তখন তাঁর জায়গার খেলানো হবে নাবি কেইতাকে। বাঁ দিকে থিয়াগো না খেললে পুরোনো যোদ্ধা জেমস মিলনারের খেলার সম্ভাবনা অনেক বেশি। আর সেটা হলে মাঠের বাঁ দিক থেকে সৃষ্টিশীলতার ক্ষেত্রে পিছিয়ে পড়বে লিভারপুল।
ভিনিসিয়ুসকে রোখার আরেকটা উপায়, তার পায়ে যেন বল না আসে, সেটার ব্যবস্থা করা। আর সেটার জন্য টনি ক্রুসকে আটকে রাখা জরুরি। আর সে আটকে রাখার কাজের জন্য ফাবিনিওর চেয়ে ভালো আর কে-ই বা আছেন লিভারপুলের স্কোয়াডে? এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হওয়া গত ফাইনালে গ্যারেথ বেলের জোড়া গোল কিংবা লরিস ক্যারিয়াসের ভুল নিয়ে আলোচনা বেশি হলেও লিভারপুল মূলত হেরেছিল টনি ক্রুসের সৃষ্টিশীলতার কাছেই। গতবার কোয়ার্টার ফাইনালেও রিয়ালের বিপক্ষে লিভারপুলের হারের অন্যতম কারণ ছিল ক্রুসের পজিশনিং, দুই সেন্টারব্যাকের মাঝে নেমে গিয়ে ওপরে থাকা ভিনিসিয়ুসকে ক্রমাগত বলের জোগান দিয়ে যাচ্ছিলেন এই জার্মান। সেটা যেন না হয়, সে খেয়াল রাখতে হবে ফাবিনিওকে।
লিভারপুলের জন্য আশার কথা, কয়েক ম্যাচ ধরেই ফর্মহীনতায় ভুগছেন ক্রুস। তবে ক্রুসের মতো বিশ্বমানের মিডফিল্ডারের ফর্মে ফেরার জন্য এক ম্যাচের বেশি দরকার হয় না!
ক্রুস, ভিনিসিয়ুস, মদরিচ ও বেনজেমাই এই দলের প্রাণভোমরা। যাঁদের বাক্সবন্দী করে রাখার একমাত্র উপায়, নব্বই মিনিট ধরে সমানতালে প্রেস করে যাও, মাঝমাঠের নিয়ন্ত্রণ নাও। থিয়াগো খেললে দুটি কাজই সহজ হয়ে যাবে লিভারপুলের জন্য। আর কোনো কারণে থিয়াগো মাঝমাঠের নিয়ন্ত্রণ না রাখতে পারলে লিভারপুলের প্রেস করার ক্ষমতাও কমে যায়। ভিয়ারিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগে যে ব্যাপারটা হয়েছিল। ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে গিয়েছিল ভিয়ারিয়াল, প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল দুই গোলে। তাই লিভারপুল যেন ঠিকঠাক প্রেস না করতে পারে, সে চেষ্টাই করবে রিয়াল মাদ্রিদ।
শেষমেশ এসব কিছুই অনুমান। বাস্তবতার সঙ্গে অনুমানের মিল কতটুকু, সেটা বোঝা যাবে রাত একটা থেকে।