রিয়াল মাদ্রিদ হারেনি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসকোর গোলেই হারতে হয়নি রিয়াল মাদ্রিদকে। ছবি: রয়টার্স
ইসকোর গোলেই হারতে হয়নি রিয়াল মাদ্রিদকে। ছবি: রয়টার্স

লা লিগায় ২০১৮-১৯ মৌসুমে ভালো সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। প্রথম তিন ম্যাচে পেয়েছে জয়। শেষমেশ নিজেদের চতুর্থ ম্যাচে এসে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে আটকে গেল রিয়ালের জয়রথ। শনিবার রাতের ম্যাচে হেরে না গেলেও পিছিয়ে পড়া রিয়াল ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

বিলবাওয়ের মাঠে দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান ইসকো। এর আগে প্রথমার্ধেই (৩২ মিনিটে) গোল হজম করে পিছিয়ে পড়ে রিয়াল। শুধু গোলেই নয়, রিয়াল পিছিয়ে ছিল বল দখলের লড়াইয়েও। যদিও গোলের প্রথম সুযোগটি পায় হুলেন লোপেতেগির শিষ্যরাই। অ্যাসেনসিওর শট বিলবাওয়ের গোলরক্ষক আটকে দেন ম্যাচের ২৯ মিনিটে। ৩২তম মিনিটে প্রতি–আক্রমণে উঠে আসা স্বাগতিকদের উদ্‌যাপনের উপলক্ষ এনে দেন মুনিয়াইন। ১–০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে লুকা মডরিচ ও গ্যারেথ বেল গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তাঁদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান বিলবাওয়ের গোলরক্ষক সিমোন। তবে খুব বেশি সময় যে আটকে রেখেছেন তা কিন্তু নয়। ৬৩ মিনিটে সমতাসূচক গোল করেন ইসকো। বেলের হাওয়ায় ভাসানো ক্রসে লাফিয়ে উঠে মাথা ছোঁয়ান ইসকো। বল খুঁজে পায় তার আপন ঠিকানা (১–১)।

লা লিগার পয়েন্ট টেবিলে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বার্সেলোনার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল। আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে কষ্টের জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা।