রিয়াল মাদ্রিদই সেরা; বিশ্বচ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা উঁচিয়ে রিয়ালের খেলোয়াড়েরা। ছবি: এএফপি
শিরোপা উঁচিয়ে রিয়ালের খেলোয়াড়েরা। ছবি: এএফপি
>ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে আল আইনকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেছেন লুকা মডরিচ, মার্কোস লিওরেন্তে ও রামোস। আল আইনের একমাত্র গোলটি করেন শিয়োতানি।

আল আইনকে ৪-১ গোলে উড়িয়ে রিয়াল মাদ্রিদ রেকর্ড করেছে। একটি নয় দুটি—টানা তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেওয়ার রেকর্ড ছাড়াও রয়েছে সর্বোচ্চ চারবার এই শিরোপা ঘরে তোলার রেকর্ড।


সেমিফাইনালে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটকে হারিয়ে চমক দেখিয়েছে আল আইন। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে সে চমক আর রইল কই! রিয়াল মাদ্রিদ তো তাদের নিয়ে ছেলেখেলা খেলল। ম্যাচের শুরু থেকেই বেশ গোছালো ফুটবল প্রদর্শন করেছেন ৪-৩-৩ ফরমেশনে খেলতে নামা সোলারির শিষ্যরা। ম্যাচের শুরুতেই রিয়ালের হয়ে কোনো ফাইনালে নিজের প্রথম গোলে দলকে এগিয়ে নেন মডরিচ। ১৪তম মিনিটে বেনজেমার কাটব্যাক থেকে পাওয়া বল গতিময় শটে জালে জড়ান রিয়ালের ক্রোয়াট মিডফিল্ডার।


এর মিনিট দুয়েক আগেই অবশ্য স্প্যানিশ জায়ান্টদের রক্ষা করেন রামোস। মার্সেলোর চরম ভুলের খেসারত দিতে গিয়েও বেঁচে যায় রিয়াল। ২১তম মিনিটে সেমি ফাইনালে হ্যাটট্রিক করা গ্যারেথ বেল গোলের সুযোগ হাতছাড়া করেন। রিয়াল প্রথমার্ধে আর গোল পায়নি।


দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে বেনজেমার শট অল্পের জন্য জালে জড়ায়নি। তবে ৬০তম মিনিটে ব্যবধান বাড়ান মার্কোস লিওরেন্তে। ক্রুসের নেওয়া কর্নার শট ক্লিয়ার করেন প্রতিপক্ষের খেলোয়াড়েরা। ডি বক্সের বাইরে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি লিওরেন্তে। ৭৮তম মিনিটে রামোসের গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের। ৮৬তম মিনিটে সান্ত্বনা পুরস্কার হিসেবে ১ গোল পায় আল আইন। আল আইন জাপানি ডিফেন্ডার শিয়োতানির গোলে ব্যবধান কমালেও যোগ হওয়া মিনিটে আত্মঘাতী গোলে সেটা ধরে রাখতে পারেনি। শেষ মুহূর্তে আল আইনের নাদের নিজেদের জালে বল জড়িয়ে রিয়ালের বড় জয়ে ভূমিকা রাখেন!