রিয়াল মাদ্রিদকে খেপিয়ে দিয়েছেন পচেত্তিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অযথা রিয়াল মাদ্রিদকে খেপালেন পচেত্তিনো। ফাইল ছবি
অযথা রিয়াল মাদ্রিদকে খেপালেন পচেত্তিনো। ফাইল ছবি

মৌসুমের শুরুতে জিনেদিন জিদান বিদায় নেওয়ার পর নতুন কোচের খোঁজে পুরো ইউরোপে চিরুনি অভিযান চালিয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তাঁর প্রথম পছন্দ ছিল মরিসিও পচেত্তিনো। কিন্তু পেরেজের প্রস্তাবে তখন রাজি হননি আর্জেন্টাইন এই কোচ। সে সুবাদেই হয়তো একটু মজা করে এক মন্তব্য করেছিলেন পচেত্তিনো। এখন সে মজার মাশুল গুনতে হচ্ছে তাঁকে।

এল পারতিদাজো দে কোপের সঙ্গে কথোপকথনে পচেত্তিনো বলেছিলেন, ‘ফাইনালের আগে আমরা ভালদেবেবাসে (রিয়ালের অনুশীলন মাঠ) অনুশীলন করব এবং পাশের এক হোটেলে থাকব। আমি ফ্লোরেন্তিনোকে বলেছিলাম তাদের স্পোর্টস সেন্টারে থাকতে দেওয়ার জন্য। কিন্তু সে আমাকে বলেছে আমি তখনই ওখানে ঘুমাতে পারব, যখন আমি রিয়াল মাদ্রিদের কোচ হব।’

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এবার মাদ্রিদে হচ্ছে। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোতে ১ জুন মুখোমুখি হবে টটেনহাম হটস্পার ও লিভারপুল। তার আগে দুই দল মাদ্রিদে অনুশীলন করবে। তার আগে এ নিয়ে কথাবার্তার সময় পচেত্তিনো কী বুঝে এমন কিছু বললেন সেটা অনেকেই বুঝে উঠতে পারেননি। কারণ চ্যাম্পিয়নস লিগ সংক্রান্ত সবকিছু উয়েফাই নির্ধারণ করে দেয়। টটেনহাম কোচ রসিকতা করে বলেছেন কি না সে উত্তর পাওয়ার আগেই কড়া জবাব দিয়েছে রিয়াল মাদ্রিদ।

আজ নিজেদের ওয়েব সাইটে আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘টটেনহাম হটস্পারের কোচ মরিসিও পচেত্তিনোর কথায় রিয়াল মাদ্রিদ খুবই বিস্মিত হয়েছে। তিনি দাবি করেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল উপলক্ষ্যে আমাদের আবাসস্থলে থাকার অনুরোধ করেছিলেন। রিয়াল মাদ্রিদ পরিষ্কার করে বলতে চায় এমন কোনো অনুরোধ করা হয়নি, সব মিথ্যা। আমাদের ক্লাব উয়েফা, স্প্যানিশ ফুটবল ফেডারেশন, অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল ও টটেনহামের কাছ থেকে পাওয়া সব অনুরোধ রক্ষার সব চেষ্টাই করেছে।’

রিয়াল মাদ্রিদের কাছে কোন কোন ব্যাপারে অনুরোধ করা হয়েছিল সে ব্যাপারেও জানিয়ে দেওয়া হয়েছে সে বিবৃতিতে, ‘রিয়ালের কাছে শুধু রিয়াল মাদ্রিদের অনুশীলন ক্যাম্প ব্যবহার করার অনুরোধ করা হয়েছিল। এবং আমাদের ক্লাব সে সব ব্যাপারে অনুমতি দিয়ে দিয়েছে। সে পরিকল্পনা অনুযায়ী লিভারপুল ১ জুন সকালে আমাদের মাঠ ব্যবহার করবে। আর টটেনহাম ৩০ ও ৩১ মে ব্যবহার করবে।’

তবু যদি কারও পচেত্তিনোর কথা বিশ্বাস হয়ে থাকে সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়েছে রিয়ালের বিবৃতিতে, ‘রিয়াল মাদ্রিদ আরও জোর দিয়ে বলতে চায়, চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্টের থাকার ব্যবস্থা নিয়ম মেনে উয়েফা করে। আর আমাদের ক্লাবকে কখনোই এ ব্যাপারে অনুরোধ করা হয়নি।’

জিনেদিন জিদান ফিরে এসেছেন, ফলে আপাতত রিয়ালের কোচ হওয়ার কোনো সম্ভাবনা নেই পচেত্তিনোর। কিন্তু এই নতুন ঘটনায় পরবর্তী সম্ভাবনাও হয়তো নষ্ট করে ফেললেন পচেত্তিনো। কারণ, কদিন আগেই টটেনহাম ছাড়ার ইচ্ছার কথা শুনিয়েছিলেন। আর সে ক্ষেত্রে রিয়ালের প্রতি আগ্রহের কথাও প্রকাশ পেয়েছিল তাঁর।