রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন হ্যাজার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসি ছেড়ে হ্যাজার্ড রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বলে গুঞ্জন উঠেছে। ছবি: এএফপি
চেলসি ছেড়ে হ্যাজার্ড রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বলে গুঞ্জন উঠেছে। ছবি: এএফপি
এডেন হ্যাজার্ড রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সাবেক চেলসি তারকা ব্রায়ার্ন লাউড্রপ।


ক্রিস্টিয়ানো রোনালদোর বিকল্প হন্যে হয়ে খুঁজছে রিয়াল মাদ্রিদ। বর্তমান সময়ে তাঁর বিকল্প যে নেই, তা সবারই জানা। তবুও চেষ্টার কমতি নেই রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। সাবেক চেলসি তারকা ব্রায়ান লাউড্রপের কথা যদি সত্যি হয়ে থাকে, তবে এডেন হ্যাজার্ডই হতে যাচ্ছেন রোনালদোর বিকল্প।

রোনালদো রিয়ালে থাকা অবস্থাতেই শোনা গেছে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে যোগ দিচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছাড়াও কিলিয়ান এমবাপ্পের নামও শোনা গেছে বেশ কয়বার। কিন্তু পিএসজির দুই খেলোয়াড়কে নিয়ে সৃষ্ট গুঞ্জনে পানি ঢেলে দিয়েছে রিয়ালই। আনুষ্ঠানিকভাবে এসব সংবাদের সত্যতা অস্বীকার করে বিবৃতি দিয়েছে মাদ্রিদের ক্লাব। এখন এ দুজনকে ছাপিয়ে জোরে শোরেই শোনা যাচ্ছে বেলজিয়ামের অধিনায়ক হ্যাজার্ডের নাম।

কয়েক মৌসুম ধরেই চেলসির জার্সিতে অসাধারণ খেলছেন হ্যাজার্ড। দুর্দান্ত খেলছেন রাশিয়া বিশ্বকাপেও। কিন্তু বিশ্বকাপ শেষে তিনি চেলসিতে থাকবেন কি না, এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাঁকে দলে ভেড়াতে প্রস্তুত ইউরোপের বড় ক্লাবগুলো। সেই ২০১৩ সাল থেকেই রিয়ালের সঙ্গে হ্যাজার্ডের নাম জড়িয়ে যায় প্রতি মৌসুমে। ক্লাব কিংবদন্তি এবং সদ্য সাবেক কোচ জিনেদিন জিদান যে হ্যাজার্ডের মহাভক্ত ছিলেন।

এ মৌসুমে সে তালিকায় রিয়ালের সঙ্গে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। কিন্তু বেলজিয়াম তারকা নাকি প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাদা জার্সিতে খেলার জন্য। বিষয়টি ডেনমার্কের সাবেক ফুটবলার লাউড্রপকে নিজেই বলেছেন হ্যাজার্ড, ‘কিছুদিন আগে হ্যাজার্ডের সঙ্গে আমার কথা হয়েছে। সে রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। যা রিয়াল এবং হ্যাজার্ড দুজনের জন্যই ভালো হবে।’

রিয়াল মাদ্রিদ বর্তমান সময়ের অন্যতম সেরা ক্লাব। ফলে স্বাভাবিকভাবে রিয়ালে খেলাটা যে কোনো বড় ফুটবলারের জন্যই স্বপ্ন থাকে বলে জানান লাউড্রপ, ‘হ্যাজার্ড কত বড় মাপের ফুটবলার, তা এই বিশ্বকাপে প্রমাণ করেছে। আর যে কোনো বড় ফুটবলারেরই স্বপ্ন থাকে রিয়াল মাদ্রিদে খেলার।’

বর্তমানে হ্যাজার্ড বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। আজ ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে দেশে ফিরতে পারলেও বেলজিয়ামের জন্য অর্জনটা কম নয়। কিন্তু ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনিজকে প্রশ্ন করা হয়েছে হ্যাজার্ডের দলবদল নিয়ে। রিয়ালের মতো বড় ক্লাবে খেলার জন্য হ্যাজার্ড তৈরি কি না? এ প্রশ্নের উত্তরে মার্টিনেজ জানিয়েছেন, ‘প্রশ্নটি আমার জন্য খুবই সহজ। বর্তমান আধুনিক ফুটবলে সে পরিপূর্ণ একজন খেলোয়াড়। সে ডি-বক্সে নেতৃত্ব দেয় এবং গোল করে। ওর মানে কখনো হেরফের হয় না। দলের জন্য খেলে, জেতার জন্য খেলে। বিশ্বের যেকোনো দলে সে খেলতে পারবে। ও এখন যেমন পরিপক্ব, ওকে ঘিরে দল সাজানো যায়।’

আগামীকালই শেষ বিশ্বকাপ। মাসখানেকের মধ্যে শুরু হয়ে যাবে ক্লাব ফুটবলের মৌসুম। এখন দেখা যাক স্প্যানিশ বড় ক্লাবগুলোর দাপটে নিজেদের সেরা খেলোয়াড়কে শেষ পর্যন্ত রাখতে পারে কি না চেলসি?