রিয়াল মাদ্রিদেই থাকছেন মদরিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে এ ছবিটা পোস্ট করে রিয়ালে থেকে যাওয়ার ইঙ্গিত দেন মদরিচ। ছবি: টুইটার
টুইটারে এ ছবিটা পোস্ট করে রিয়ালে থেকে যাওয়ার ইঙ্গিত দেন মদরিচ। ছবি: টুইটার
>লুকা মদরিচকে হারানো নিয়ে শঙ্কায় ছিল রিয়াল মাদ্রিদ। কারণ, ইন্টার মিলান তাঁকে বেশি পারিশ্রমিক দেওয়ার লোভ দেখিয়ে দলে ভেড়ানোর চেষ্টা করেছে। মদরিচকে ধরে রাখতে তাই পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল। এদিকে মদরিচও পরিবারের সঙ্গে কথা বলে রিয়ালে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন

রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে হারানোর শঙ্কায় ছিল রিয়াল মাদ্রিদ। তা কাটিয়ে উঠতে কাজে দিয়েছে পারিশ্রমিক বাড়ানোর কৌশল। হ্যাঁ, ঠিকই ধরেছেন; রিয়াল ছাড়ছেন না লুকা মদরিচ। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, পারিশ্রমিক বাড়ানোর পর রিয়ালে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রোয়াট মিডফিল্ডার।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই মদরিচের পিছু ছুটেছে ইন্টার মিলান। তাঁর সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি থাকলেও রিয়াল এ খবর জেনেছে বেশ দেরিতে। তবে খবরটি কানে আসার পরই মদরিচের ‘রিলিজ ক্লজ’ ৭৫০ মিলিয়ন ইউরো জানিয়ে দিয়ে রিয়াল বুঝিয়ে দিয়েছিল, মদরিচ বিক্রির জন্য নয়। কিন্তু শঙ্কা হলো মদরিচ নিজে চলে যেতে চাইলে তাঁকে তো আটকানো যাবে না। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার শুধু বেতনের জন্য মাদ্রিদ ছাড়তে চাইছেন বলে মনে করেছিল রিয়াল। মদরিচের ক্যারিয়ারে বড় চুক্তির এটাই শেষ সুযোগ। সময় আর ফর্মও তাঁর পক্ষে। এখন যদি বাড়িয়ে নিতে না পারেন, তাহলে আর কখন?

রিয়াল এ ব্যাপারটা বুঝতে পেরেই মদরিচের পারিশ্রমিক বাড়িয়েছে। তাতে কাজও হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রিয়াল ঘনিষ্ঠদের এই ক্রোয়াট তারকা বলেছেন, তিনি থাকছেন। শুক্রবার সকালে রিয়ালের হয়ে অনুশীলনের ছবি টুইট করে মদরিচের ক্যাপশন, ‘ব্যাক টু ওয়ার্ক’—অর্থাৎ কাজে ফিরলাম। মোটামুটি এরপরই রিয়াল সমর্থকেরা ধরে নেন, সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ছেন না মদরিচ। এএস জানিয়েছে, লুকা মদরিচ নিজের সিদ্ধান্তটা নিয়েছেন। পরিবারের সঙ্গে কথা বলার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন রিয়ালেই থাকবেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, রিয়ালের বেতন কাঠামোয় এত দিন তৃতীয় গ্রেডে পারিশ্রমিক পেতেন মদরিচ। তাঁর পারিশ্রমিক ছিল বছরে সাড়ে ৬ মিলিয়ন ইউরো। ইন্টার তাঁকে বছরে ১০ মিলিয়ন ইউরো বেতন দেওয়ার লোভ দেখিয়েছিল। কিন্তু মদরিচকে ধরে রাখতে বছরে তাঁকে ১১ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল।

রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও একই অঙ্কের (১১ মিলিয়ন ইউরো) পারিশ্রমিক পেয়ে থাকেন। মার্কা ব্যাপারটি নিশ্চিত করে জানিয়েছে, অধিনায়ক সার্জিও রামোসের সমান বেতন পাবেন তিনি (মদরিচ)। দুই পক্ষ শিগগিরই নতুন চুক্তিপত্রে সই করবে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।