রিয়াল-মিলানকে ছাপিয়ে বার্সা 'সর্বকালের সেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার ট্রফি কেবিনেটে বড্ড ভিড়! ফাইল ছবি
বার্সেলোনার ট্রফি কেবিনেটে বড্ড ভিড়! ফাইল ছবি

সর্বকালের সেরা নির্ধারণের মাপকাঠি নেই। এ কারণে কে কার চেয়ে সেরা-এ নিয়ে বিতর্কও শেষ হওয়ার নয় কোনো দিনই। তবে মাপকাঠি যদি হয় আন্তর্জাতিক ট্রফি জেতার সংখ্যা, সেদিক দিয়ে গতকাল রাতে বিশ্বের সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ আর এসি মিলানকে ছাপিয়ে গেল বার্সেলোনা।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় রিয়াল ও মিলান দুই ক্লাবেরই জেতা শিরোপা সংখ্যা ১৮টি। গতকাল জেতা উয়েফা সুপার কাপ বার্সার ১৯ নম্বর আন্তর্জাতিক ট্রফি।
আদি ইউরোপিয়ান কাপ বা এখনকার চ্যাম্পিয়নস লিগ পাঁচবার জিতেছে বার্সা। ১৯৯২, ২০০৬, ২০০৯, ২০১১ এবং ২০১৫ সালে। কাপ উইনার্স কাপ জিতেছে চারবার। ১৯৭৯, ১৯৮২, ১৯৮৯ ও ১৯৯৭ সালে। কালকেরটি বার্সার পাঁচ নম্বর উয়েফা সুপার কাপ। সবচেয়ে বেশি সুপার কাপ জেতার রেকর্ডে মিলানের পাশে বসল বার্সা। ১৯৯২, ১৯৯৭, ২০০৯, ২০১১-এর পর এ বছর এই ট্রফি জিতল বার্সা।
বার্সার ট্রফিকেসে আছে তিনটি ইন্টার-সিটিস ফেয়ারস কাপ। এই টুর্নামেন্ট থেকেই জন্ম নেয় উয়েফা কাপ, যেটি বর্তমানে ইউরোপা লিগ নামে চলছে। চ্যাম্পিয়নস লিগের পর ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।
ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা অবশ্য ফেয়ারস কাপের রেকর্ডকে স্বীকৃতি দেয়নি। ফলে উয়েফার রেকর্ডে এই ট্রফি জয়ের হিসাব নেই। কিন্তু ফুটবলের আন্তর্জাতিক অভিভাবক সংস্থা ফিফা এই টুর্নামেন্টকে স্বীকৃতি দিয়েছে। তাদের হিসাবে এর রেকর্ডও আছে। ইউরোপে জেতা এই ১৭টি ট্রফির পাশাপাশি আছে দুটি ক্লাব বিশ্বকাপ ট্রফি। সব মিলিয়ে ১৯টি।
রেকর্ড দশটি ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। দুটো উয়েফা কাপ (এখনকার ইউরোপা লিগ)। দুটো সুপার কাপ। তিনটি ইন্টার কন্টিনেন্টাল কাপ। শেষের এই টুর্নামেন্টটি এখন ফিফার অধীনে ক্লাব বিশ্বকাপ নামে হয় প্রতি ডিসেম্বরে। গতবার এই শিরোপা জিতেছে রিয়াল। আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেটি তাদের ১৮ নম্বর ট্রফি।
দ্বিতীয় সর্বোচ্চ সাতটি ইউরোপিয়ান কাপ জেতা মিলান জিতেছে দুটো কাপ উইনার্স কাপও। সঙ্গে পাঁচটি সুপার কাপ আর তিনটি ইন্টার কন্টিনেন্টাল কাপ। এর সঙ্গে আছে ২০০৭ সালে জেতা ক্লাব বিশ্বকাপের ট্রফি। সব মিলিয়ে তাদেরও আন্তর্জাতিক ট্রফি ১৮টি। গতকাল ইউরোপের সবচেয়ে অভিজাত এই দুই ক্লাবকে সংখ্যার দিক দিয়ে এক ধাপ পেছনে ফেলল বার্সা।
তবে আগেই যেমনটা বলা হয়েছে, এ নিয়ে বিতর্ক হবেই। রিয়াল কিংবা মিলানের সমর্থকেরা দাবি করবেন, ফেয়ারস কাপ কোনো ট্রফিই নয়। উয়েফাই তো স্বীকৃতি দেয় না। আবার বার্সা সমর্থকেরা বলবেন, উয়েফারও অভিভাবক যিনি, সেই ফিফা তো ঠিকই স্বীকৃতি দিচ্ছেন।
বিতর্ক হবে আরও একটি জায়গায়। ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ ট্রফি সংখ্যা দিয়ে যদি মাপা হয়, রিয়ালের ধারে-কাছেই কেউ নেই। মিলানও বলবে, বার্সার চেয়ে আমরাও এই ট্রফি দুবার বেশি জিতেছি।
বার্সা আবার বলতে পারে, আমরা ‘ট্রেবল’ (এক মৌসুমে প্রধান তিনটি শিরোপা লিগ-কাপ-চ্যাম্পিয়নস লিগ) জিতেছি দুবার। রিয়াল একবারই জিতে দেখাক না। আমরা এক বছরে জিতেছি ক্লাব প্রতিযোগিতার ছয় ট্রফির সবগুলো। এবার আর দুটো (স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ) জিতলে শিরোপা-ষষ্ঠক জেতার কীর্তি আমরা গড়ব দুবার। অথচ এই কীর্তি একবারই করে দেখাতে পারেনি আর কোনো ক্লাব।
বিতর্ক হবে। চায়ের কাপে ঝড়ও উঠতে পারে। তাই অবিসংবাদিতভাবে আন্তর্জাতিক ট্রফি সংখ্যায় বার্সাকে সর্বকালের সেরা বলা যাচ্ছে না। তা একটু বিতর্ক হোক না!