রিয়াল ম্যাচের আগেই অনুশীলনে নেইমার
ইনস্টাগ্রামে গতকাল একটা ছবি পোস্ট করেছেন নেইমার। পিএসজির অনুশীলন–জার্সি পরা ছবিটি দিয়ে ক্যাপশন লিখেছেন, ‘ধাপে ধাপে।’ পিএসজির অনুশীলন মাঠে তোলা তাঁর এ ছবি আর ইনস্টাগ্রামের ক্যাপশন দেখে দলটির সমর্থকেরা আনন্দিত হতেই পারেন। অক্টোবরের শেষ সপ্তাহে চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া ব্রাজিলিয়ান তারকাকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে পাওয়ার আশায় হয়তো বুকও বাঁধছেন তাঁরা।
চোটে পড়া নেইমার পুনর্বাসনের জন্য চলে গিয়েছিলেন ব্রাজিলে। সেখান থেকে প্যারিসে আগেই ফিরেছেন পিএসজির অন্যতম সেরা তারকা। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া নেইমার টানা দুই দিন দলের সঙ্গে অনুশীলন করলেন। ধাপে ধাপে চোট থেকে সেরে ওঠার ইঙ্গিত দিয়েছেন ইনস্টাগ্রামে ছবি আর ক্যাপশন দিয়ে। আগামী মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচের আগে পুরোপুরি সেরে উঠবেন কি না এবং মাঠে নামবেন কি না, এ নিয়ে এখন চলছে আলোচনা।
পিএসজি তাদের ওয়েবসাইটে আজ চোটে পড়া খেলোয়াড়দের নিয়ে সর্বশেষ যে খবর দিয়েছে, সে খবরে নেইমারকে নিয়ে খুব একটা আশাবাদী হওয়ার উপায় নেই। ওয়েবসাইটে তারা নেইমারের সর্বশেষ অবস্থা নিয়ে লিখেছে, ‘সেরে ওঠার পক্রিয়া চলছে, উন্নতি হচ্ছে তাঁর। দলের সঙ্গে আংশিক অনুশীলন করেছেন তিনি এবং অতিরিক্ত কাজ হিসেবে প্রয়োজনীয় ব্যায়ামও করছেন নেইমার।’
ফ্রান্সের ক্রীড়া দৈনিক লেকিপের খবর অনুযায়ীও রিয়ালের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে নেইমারের খেলা অনিশ্চিত। ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে নেইমারের খেলা এখনো অনিশ্চিত’—এই শিরোনামের সংবাদটির ভেতরে তারা লিখেছে, ‘বাস্তবতা হচ্ছে এটাই যে তিনি হয়তো বেঞ্চে থাকবেন এবং দ্বিতীয়ার্ধের শেষ দিকে কিছুটা সময় খেলবেন।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিএসজির চলতি মৌসুমে নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নামবে। ফ্রেঞ্চ লিগ ‘আ’তে রাজত্ব দেখানো দলটি অনেক বছর ধরেই ইউরোপ শ্রেষ্ঠত্বের একটি মুকুটের জন্য মরিয়া হয়ে আছে। ২০১৯–২০ মৌসুমে তীরে গিয়ে তরি ডুবেছে প্যারিসের ক্লাবটির। ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১–০ গোলে হেরে স্বপ্ন ভেঙেছে তাদের। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে সেমিফাইনালে। এবার নেইমার–কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দলে লিওনেল মেসিও যোগ হওয়ায় নতুন করে স্বপ্নের জাল বুনছে পিএসজির সমর্থকেরা। কিন্তু তাঁদের সেই স্বপ্ন পূরণের সামনে শেষ ষোলোতেই বাধা রিয়াল মাদ্রিদ।
এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মরিসিও পচেত্তিনোর দলের জন্য দুঃস্বপ্ন হয়ে উপস্থিত চোট! নেইমারকে নিয়ে শঙ্কা তো আছেই, চোটে পড়েছেন আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া। তিনি খেলতে না পারলে প্রথম লেগে শুরুর একাদশে দেখা যেতে পারে আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি অথবা জার্মান ইউলিয়ান ড্রাক্সলারকে। চোটের কারণে এ ম্যাচে খেলার সম্ভাবনা প্রায় শূন্যের ঘরে সের্হিও রামোসের। তবে রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডারকে সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে পাওয়া যাবে বলে আশা করছেন কোচ পচেত্তিনো আর ক্লাবের চিকিৎসক দল।