রিয়াল হারলে খুশি হবেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব, স্বাভাবিকভাবেই কেউ কারও মঙ্গল চাইবে না। আর ক্লাব দুটির নাম যদি হয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, তাহলে তো কথাই নেই। এই দুই দলের বৈরিতার ইতিহাস তো শুধুই ফুটবলে সীমাবদ্ধ নয়। সেই বৈরিতার ঝাঁজ এমনই তীব্র যে, লিওনেল মেসি কোনো রকম কূটনীতির ধার না ধেরে রিয়ালের অমঙ্গল কামনা করার কথা সরাসরিই জানিয়ে দিয়েছেন। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা তারকা জানিয়ে দিয়েছেন তাঁর চাওয়াটা—চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা যেন রিয়াল মাদ্রিদের ঘরে না যায়।
মাস খানেক আগে মাদ্রিদেরই আরেক দল অ্যাটলেটিকোর কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ অভিযান শেষ হয়ে গেছে বার্সার। সাধারণ হিসাবে বার্সার তাই অ্যাটলেটিকোরই বিপক্ষে থাকার কথা। কিন্তু রিয়াল-বার্সার ক্ষেত্রে কি আর সাধারণ হিসাব মেলে! মেসি যেমন ২৮ মের ফাইনালে অ্যাটলেটিকোকেই সমর্থন করবেন, ‘এটা পরিষ্কার, রিয়াল কিছু জিতুক, সেটা বার্সার কেউই চায় না। আমি খুবই খুশি হব, যদি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অ্যাটলেটিকো রিয়ালকে হারায়।’ সেই চাওয়া পূরণ হওয়া খুবই সম্ভব বলেও মনে করছেন তিনি, ‘অ্যাটলেটিকো মোটেও সহজ কোনো প্রতিপক্ষ নয়। তারা দুর্দান্ত দল। শিরোপাটা ডিয়েগো সিমিওনের মতো একজন কোচের প্রাপ্য।’

কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকোর কাছে হারের ধাক্কা অবশ্য এখনো তাড়া করে ফিরছে মেসিকে, ‘চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়াটা আমাদের জন্য বিরাট এক ধাক্কা ছিল। প্রথম লেগে আমরা অ্যাটলেটিকোর চেয়ে ভালো খেলেও হেরেছি। আমরা লড়াইটা ওখানেই শেষ করে দিয়ে আসতে পারতাম, কিন্তু পারিনি। এতেই ভিসেন্তে ক্যালদেরনে পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়েছিল।’ চ্যাম্পিয়নস লিগের হতাশা ভুলতে মেসি তাকিয়ে আছেন লিগ আর কোপা ডেল রের দিকে, ‘আমাদের সামনে এখনো দুটি অগ্নিপরীক্ষা—লিগা ও কোপা ডেল রে। লিগে আমরা প্রচুর পয়েন্ট নষ্ট করেছি। তবে খুশির কথা, ঠিক সময়েই আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি।’

মেসি অবশ্য বিশ্রাম পাচ্ছেন না, জুনেই কোপাতে নেমে পড়তে হবে মাঠে। আগস্টে রিও অলিম্পিকে যদিও খেলা হবে না। অলিম্পিক ও কোপার মধ্যে দ্বিতীয়টিকেই বেছে নিয়েছেন মেসি। গত বছর কোপার ফাইনালে চিলির কাছে হেরে গিয়েছিল মেসির আর্জেন্টিনা। সেই দুঃখটা এবার নিশ্চয়ই ভুলতে চাইবেন। তবে অলিম্পিকে খেলতে না পারার আফসোসটাও ছুঁয়ে যাচ্ছে মেসিকে, ‘২০০৮ অলিম্পিকে খেলা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা ছিল।’ তা-ই হওয়ার কথা, ২০০৮ বেইজিং অলিম্পিকে জেতার সোনাটাই যে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির একমাত্র সুখস্মৃতি! ইএসপিএন।