এমনিতে এ টুর্নামেন্টের খুব একটা নামডাক নেই। তাতে কী, বিশ্বকাপ তো! আর বিশ্বকাপ জেতা মানেই যে বিশ্বসেরা ক্লাবের স্বীকৃতি, বিশ্বসেরার ট্রফি। যে ট্রফির জন্য আজ থেকে মরক্কোতে লড়াইয়ে নামবে সাতটি দল। থাকছে ক্লাব ফুটবলে মহাদেশীয় শিরোপার চ্যাম্পিয়ন ছয়টি দল, সঙ্গে স্বাগতিক মরক্কোর লিগ চ্যাম্পিয়ন মঘরেব তেতোউয়ান।
লড়াইটা সাত দলের মধ্যে, তবে দৃষ্টি সবচেয়ে বেশি থাকবে অবশ্যই ইউরোপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ওপর। এ টুর্নামেন্টে সবচেয়ে তারকাখচিত দল শিরোপার সবচেয়ে বড় দাবিদারও। চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল ক্লাব বিশ্বকাপে খেলবে সরাসরি সেমিফাইনাল থেকে। সরাসরি শেষ চারে খেলছে কোপা লিবার্তাদোরেসের শিরোপাজয়ী আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোও। ক্লাব বিশ্বকাপ আজ শুরু হলেও রিয়াল তাই মাঠে নামছে ১৬ ডিসেম্বর প্রথম সেমিফাইনালে। পরদিন দ্বিতীয় সেমিফাইনাল খেলবে সান লরেঞ্জো। সেমিফাইনালে বাকি দুটি জায়গার জন্য লড়ছে এশিয়ার চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি, আফ্রিকার চ্যাম্পিয়ন আলজেরিয়ার সেতিফ, কনক্যাকাফের শিরোপাজয়ী মেক্সিকোর ক্রুজ আজুল ও স্বাগতিক মঘরেব তেতোউয়ান।
২০০০ সাল থেকে শুরু বিশ্বসেরা ক্লাবের এই প্রতিযোগিতা ব্রাজিলিয়ান ক্লাবগুলোর সাফল্যে ভাস্বর। এ পর্যন্ত চারবার এ টুর্নামেন্টের শিরোপা গেছে ব্রাজিলে—দুবার জিতেছে করিন্থিয়ানস, একবার করে সাও পাওলো ও ইন্টারন্যাসিওনাল। ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে এ শিরোপা জিতেছে মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা (দুবার), ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখ। এর আগে ২০০০ সালে প্রথম আসরে অংশ নিলেও সেবার চতুর্থ হয়েই ফিরতে হয়েছিল রিয়ালকে। এবার সে আক্ষেপ ঘোচাতে চান রিয়াল রাইট ব্যাক ড্যানি কারভাহাল, ‘ক্লাব বিশ্বকাপ জেতাটা হবে আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। বছরটা শেষ করার জন্য এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’ এএফপি, ফিফা।