রিয়ালই সবার ওপরে
২০১৪ সালকে লা ডেসিমার বছর হিসেবে অনেক দিন মনে রাখবে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে টানা দশমবারের মতো আর্থিক শ্রেষ্ঠত্বও ধরে রেখেছে রিয়াল। আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ডেলোইটের জরিপে গত মৌসুমেও ফুটবল ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করা (৫৪ কোটি ইউরো) ক্লাব চ্যাম্পিয়নস লিগজয়ীরাই।

রিয়ালের শ্রেষ্ঠত্বে খুব একটা চমক নেই, তবে ম্যানচেস্টার ইউনাইটেডের দুইয়ে উঠে আসাটা চমকই। ইউনাইটেডের গত মৌসুমটা গেছে ভুলে যাওয়ার মতোই, ইংলিশ লিগে সাত হয়ে পায়নি চ্যাম্পিয়নস লিগ টিকিটও। তবে মাঠের এই দুর্দশার ছাপ মাঠের বাইরে পড়েনি একদমই, চার থেকে ইউনাইটেড উঠে এসেছে দুইয়ে। গত মৌসুমে ৫১ কোটি ইউরো মুনাফা হয়েছে ইউনাইটেডের। ডেলোইটের একজন মুখপাত্র জানিয়েছেন, ইউনাইটেডের বাণিজ্যিক মুনাফা গত তিন বছরে ৮৩ শতাংশ বেড়েছে। পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ফিরতে পারলে এমনকি রিয়ালকেও টপকে যাওয়ার সম্ভাবনা আছে তাদের।
বার্সেলোনার গত মৌসুমটাও ভুলে যাওয়ার মতো গেছে। তবে কাতালান ক্লাবটি এর আর্থিক খেসারতও দিয়েছে, চার থেকে নেমে গেছে দুইয়ে। আগের মতোই তিনে আছে বায়ার্ন মিউনিখ। সব মিলিয়ে শীর্ষ ২০টি ফুটবল ক্লাবের মুনাফা প্রায় ৬২০ কোটি ইউরো, আগের বছরের চেয়ে যা ১৪ শতাংশ বেশি। এখন পর্যন্ত ৫০ কোটি ইউরোর মাইলফলক ছাড়াতে পেরেছে শুধু রিয়াল ও ইউনাইটেড। ডেলোইটের ভবিষ্যদ্বাণী, পরের বছর আরও তিনটি ক্লাব এই অঙ্ক ছুঁয়ে ফেলতে পারে। এএফপি।