রিয়ালকে আবারও ৬ গোল দিতে চান তিনি
আসছে জানুয়ারি। অন্য ক্লাবগুলো যেখানে শীতকালীন দলবদলের বাজারে নতুন নতুন খেলোয়াড় আনার ব্যাপারে চিন্তাভাবানা করছে, বার্সার চিন্তা অন্যদিকে।
সভাপতি নির্বাচন নিয়ে বার্সেলোনায় এখন সাজ সাজ রব। আলোচিত-সমালোচিত-বিতর্কিত জোসেপ মারিয়া বার্তমেউর জায়গায় কে বসবেন, এটা নির্ধারিত হবে আর কিছুদিন পর। বোর্ডরুমের কর্তা হওয়ার দৌড়ে এর মধ্যেই নাম লিখিয়েছেন বেশ কয়েকজন, যাঁদের মধ্যে রয়েছেন পাঁচজন—ক্লাবটার সাবেক সভাপতি হোয়ান লাপোর্তা, ভিক্তর ফন্ত, লুইস ফের্নান্দেজ, জর্দি ফারে, অগুস্তি বেনেদিতো। এর মধ্যেই একের পর এক অভিনব প্রচার-প্রচারণায় বাকিদের চেয়ে নিজেকে আলাদা করে ফেলেছেন সাবেক সভাপতি হোয়ান লাপোর্তা। সাবেক এই সভাপতি জানিয়েছেন, এর আগে তাঁর অধীনে মেসিরা যেমন রিয়াল মাদ্রিদকে ছয় গোলে হারিয়েছিল, সভাপতি নির্বাচিত হয়ে আবারও রিয়ালকে ওই লজ্জায় ফেলতে চান লাপোর্তা।
প্রত্যেক সভাপতি পদপ্রার্থীই নিজের যোগ্যতা সমর্থকদের কাছে প্রমাণ করার জন্য অভিনব উপায়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, করছেন একের পর এক নির্বাচনী ওয়াদা। তবে কিছুদিন আগে পাঁচজনের মধ্যে সবচেয়ে পরিচিত হোয়ান লাপোর্তা যা করেছেন, তা অন্য কেউ কখনোই করেননি। করবেন কি না, তারও ঠিক নেই। বার্সা-সমর্থকদের মন পাওয়ার জন্য এই ভদ্রলোক রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুর ঠিক বাইরে অবস্থিত এক বহুতল ভবনের গায়ে নিজের ছবিসংবলিত বিরাট এক ব্যানার ঝুলিয়েছেন। যাতে স্প্যানিশ ভাষায় লেখা, ‘তোমার সঙ্গে আবারও দেখা করার জন্য মুখিয়ে আছি।’ যেন লাপোর্তা এর মধ্যেই ভোটাভুটির লড়াইয়ে জিতে গেছেন, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ডাকছেন যুদ্ধের ময়দানে!
এবার স্প্যানিশ ইউটিউব তারকা দানি সেনাব্রে'কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ওই কাজের ব্যাখ্যা দিয়েছেন লাপোর্তা। জানিয়েছেন, সেই ব্যানারের মাজেজা। বার্সেলোনার সভাপতি নির্বাচিত হয়ে আবারও রিয়ালকে মাঠের লড়াইয়ে নাকানি-চুবানি খাওয়াতে চান লাপোর্তা, ‘রিয়ালের মাঠের বাইরে এই পোস্টার লাগানোর অর্থ হলো, তোমাদের বিপক্ষে ছয় গোল করার জন্য আরও বেশি মুখিয়ে আছি।’
তবে লাপোর্তা জানেন, সভাপতি হওয়ার পর তাঁর সবচেয়ে বড় দায়িত্ব হবে ক্লাবের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা, ‘পোস্টারটার অর্থ অনেক কিছুই হতে পারে। পোস্টারটা একটু দুষ্টুমি বোঝায়, আমার প্রস্তুতিও বোঝায়, বোঝায় আমার অভিজ্ঞতাও। পোস্টারটা বোঝায়, আমি আবারও রিয়ালের সঙ্গে সেই দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতার স্বাদ পেতে আগ্রহী। তবে তার আগে ক্লাবের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হবে আমাদের।’
সে লক্ষ্যে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টাও করে যাচ্ছে লাপোর্তা-শিবির, ‘আমরা আমাদের পক্ষে যত বেশি সম্ভব সমর্থন আদায়ের চেষ্টা করছি। সব প্রার্থীর প্রতি সম্মান রেখেই। আমাদের আছে বিজয়ীর মানসিকতা, কিন্তু মানুষ যাতে আমাদের ভোট দেয়, সে দিকেও নজর আছে আমাদের।’
২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত বার্সেলোনার সভাপতি ছিলেন লাপোর্তা। তাঁর অধীনে বার্সেলোনা জেতে দুটি চ্যাম্পিয়নস লিগ। জাভি, ইনিয়েস্তা, রোনালদিনিও, পুয়োল, ডেকো দলকে বিশ্বসেরা করেন তখনই। লিওনেল মেসির উত্থানও এই লাপোর্তার সময়ে।