রিয়ালকে খোঁচা পিকের, ঝড় পুরো স্পেনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মন্তব্যেই এমন তোলপাড়! ফাইল ছবি
এক মন্তব্যেই এমন তোলপাড়! ফাইল ছবি

জেরার্ড পিকে যে একদিন বার্সেলোনার সভাপতি হবেন, সেটা সবাই জানেন! কিন্তু পিকের তত দিন অপেক্ষা করতে বয়েই গেছে। কিছুদিন পর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের খুঁচিয়েই যাচ্ছেন। কখনো রিয়াল মাদ্রিদই সুযোগ করে দিচ্ছে কখনো বা সেটার দরকারই হচ্ছে না। নিজেই কোনো না কোনো প্রসঙ্গ টেনে ‘লস ব্লাঙ্কো’দের গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছেন। পরশু তেমনই এক মন্তব্যে পুরো স্প্যানিশ ফুটবলে ঝড় তুলে দিয়েছেন এই ডিফেন্ডার।

পরশু স্তাদে ডি ফ্রান্সে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে স্পেন। ভিডিও রেফারিং প্রযুক্তির ব্যবহারেই ম্যাচটা ১-১ গোলে ড্র না হয়ে স্পেনের পক্ষে এসেছে। সেটা নিয়ে পিকে মজা করেছিলেন, ‘গায়ে সাদা পোশাক পরেছি বলেই আজ এ সিদ্ধান্তকে পক্ষে পেলাম।’ নিজেদের পরিচিত লাল জার্সি নয়, সেদিন স্পেন খেলেছিল সাদা জার্সিতে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মূল জার্সিটা সাদা। সে কারণেই রেফারির সিদ্ধান্ত পক্ষে পেয়েছেন এমন ইঙ্গিতটা বুঝতে কারও সমস্যা হয়নি। সেটা রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও হাসতে হাসতে গ্রহণ করেছেন, ‘আমি বলেছি ওকে (পিকে) সাদাতেই ভালো মানায়।’
কিন্তু এরপরের মন্তব্যেই ঝড় তুলেছেন পিকে, ‘একটা ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদ যে মূল্যবোধ ছড়ায়, সেটা আমার পছন্দ না। প্রেসিডেন্ট বক্স থেকে ওরা যেভাবে কলকাঠি নাড়ায় সেটা একেবারেই অপছন্দ আমার।’ এবারের ইঙ্গিতটাও বুঝতে কারও সমস্যা হয়নি। লিওনেল মেসি ও নেইমারকে নিয়ে আদালতে দৌড়াদৌড়ি করতে রিয়ালই যে বাধ্য করছে, এমনটাই দাবি পিকের। এ মামলায় সরকার পক্ষের আইনজীবী মার্তা সিলভা ডি লাপুয়ের্তা রিয়ালের বোর্ডের সঙ্গে জড়িত ছিলেন একসময়। এতেই নাকি বার্সেলোনাকে এমন ঝামেলা পোহাতে হচ্ছে!
এমন মন্তব্যকে রামোস আর হেসে উড়িয়ে দিতে পারেননি। রিয়াল ও স্পেন অধিনায়ক উল্টো বলেছিলেন, এমন কাদা ছোড়াছুড়ি করতে গেলে বার্সেলোনার গাঁয়েই ময়লাটা বেশি লাগবে, ‘সে যা বলেছে তাতে বড় হেডিং হবে, পত্রিকার বিক্রি বাড়বে। সব বক্সেই কলকাঠি নাড়া হয়, তবে এসব ক্ষেত্রে ওরা যা করে তাতে ওদেরই চুপ করে থাকাটা বেশি জরুরি।’
পিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছিল রিয়াল। পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসলেও পিকের ক্ষতি কিন্তু হয়ে গেছে। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন ক্ষেপে উঠেছে এ নিয়ে। সবচেয়ে বেশি খেপেছেন অবশ্য এডমুন্ডো বাল। স্পেনের ফৌজদারি আইন সংস্থার প্রধান বাল জানিয়েছেন, এ সব ষড়যন্ত্র-তত্ত্বের কথা যেন ভুলে যান পিকে, ‘আমি জীবনেও বার্নাব্যুর প্রেসিডেন্ট বক্সে যাইনি। এত দিন মার্তা ছিল অ্যাটর্নি জেনারেল (বালের আগে), আর সে আগে রিয়ালের পরিচালনা পর্ষদের সঙ্গে জড়িত ছিল। তাই তিনি ম্যাচ দেখতে গেলে সেখানেই যাবেন। কিন্তু এ মামলার ব্যাপারে আমাকে কেউ কোনো পরামর্শ দেয়নি।’ মেসি ও নেইমারের মামলার ব্যাপারটা সুপ্রিম কোর্টের ব্যাপার বলেই সতর্ক করে দিয়েছেন। তাঁর কথায় বিশ্বাস না হলে আরেকটা তথ্য জেনে নিন, ‘আমি ফুটবল ভালোবাসি এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সদস্য। আমি ভিসেন্তে ক্যালদেরনে যাই।’
অভিযোগ করার আগে, এ কথাটা জেনে নিলে ভালো করতেন পিকে! সূত্র: মার্কা