রিয়ালকে গার্ড অব অনার দেবে না আতলেতিকো, মাথাব্যথা নেই আনচেলত্তির

লিগ জয়ের পর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের উদযাপনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতলেতিকো মাদ্রিদ সংবাদ বিজ্ঞপ্তি দিয়েই জানিয়ে দিয়েছে, রিয়াল মাদ্রিদকে গার্ড অব অনার দেবে না তারা। তবে এ নিয়ে কোনো রাগ বা ক্ষোভ নেই রিয়ালের কোচ কার্লো আনচেলত্তির।

স্পেনের ফুটবলে এটা একটা অলিখিত নিয়ম, লিগের ম্যাচ বাকি থাকতে কোনো দল শিরোপা জিতে গেলে প্রতিপক্ষের মাঠে পরের ম্যাচগুলোয় গার্ড অব অনার দেয় স্বাগতিক দল। গত সপ্তাহে এসপানিওলকে ৪–০ গোলে হারিয়ে ৪ ম্যাচ বাকি থাকতেই লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল।

আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে
ফাইল ছবি

সেই ম্যাচের পর আগামীকালই লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ। আনচেলত্তির দলকে ওয়ান্দা মেত্রোপলিতানোতে আতিথ্য দেবে আতলেতিকো মাদ্রিদ। অঘোষিত নিয়ম অনুযায়ী এ ম্যাচে আতলেতিকোর কাছ থেকে গার্ড অব অনার পাওয়ার কথা রিয়ালের।

কিন্তু আতলেতিকো আগেই জানিয়ে দিয়েছে, গার্ড অব অনার তারা দেবে না। এ নিয়ে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, ‘বাস্তবতা হচ্ছে এটা ক্লাব আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। খুব ভালোভাবে এর ব্যাখ্যাও দিয়েছে। রিয়ালকে আমরা অভিনন্দন জানিয়েছি। তাদের ফুটবলার, কোচিং স্টাফ—সবাই মিলে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছে।’

এই প্রথম লা লিগা জিতলেন কার্লো আনচেলত্তি
ফাইল ছবি

সিমিওনে এরপর রিয়ালকে গার্ড অব অনার না জানানো নিয়ে নিজের ব্যাখ্যাটা দিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদের প্রতি শ্রদ্ধা আছে আমাদের। কিন্তু আমাদের সমর্থকদের প্রতি শ্রদ্ধাটা আরও বেশি। আমি জানি না, এমন নিয়ম বিশ্বের আর কোনো চ্যাম্পিয়নশিপে আছে কি না। প্রত্যেকটি সমাজ আলাদা। স্পেনে প্রতিদ্বন্দ্বীকে গার্ড অব অনার দেওয়ার এ নিয়ম আছে। কিন্তু আমি যেখান থেকে এসেছি, সেখানে এটা নেই।’

গার্ড অব অনারের বিষয়টি নিয়ে সিমিওনের সঙ্গে মিলে যায় আনচেলত্তির কথা, ‘আমি আসলে এর (গার্ড অব অনার) সঙ্গে অভ্যস্ত নই। কারণ, ইতালিতে আমি এটা দেখিনি। ওরা যদি আমাদের গার্ড অব অনার দেয়, তাহলে ভালো; আর না দিলেও ক্লাবটির (আতলেতিকো) প্রতি আমার শ্রদ্ধা থাকবে।’