রিয়ালকে চাপে ফেলতে পারবে বার্সা?
এমন কঠিন সময় অনেক দিন আসেনি বার্সেলোনার! চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে ৪-০ গোলের হারে বার্সার শেষ আটে ওঠার স্বপ্ন ঝুলছে ক্ষীণ সুতোয়। স্প্যানিশ লিগে শিরোপাদৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পিছু পিছু ছুটছে। প্রতিটি ম্যাচই এখন বার্সার জন্য কঠিন পরীক্ষা। স্প্যানিশ লিগে আজকের পরীক্ষাটা কঠিনতর। ম্যাচটি যে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। তাও আবার অ্যাটলেটিকোরই মাঠে।
কঠিন এই পরীক্ষায় ‘পাস’ করলে রিয়ালকে চাপে ফেলতে পারবে তারা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল যে মাঠে নামবে বার্সার ম্যাচটি শেষ হওয়ার পরই। অ্যাটলেটিকো পরীক্ষায় ‘ফেল’ করলে শিরোপাদৌড়ে বার্সা আবার পিছিয়ে পড়বে। অনেকেরই ধারণা, যেখান থেকে ফেরাটা হবে খুবই কঠিন। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।
পিএসজির কাছে হারের পর বার্সার মনোবল যেন ঠেকেছে তলানিতে। সেই ম্যাচের পর লিগে লেগানেসের বিপক্ষে লিওনেল মেসির শেষ মুহূর্তের পেনাল্টি গোলে কোনোক্রমে জিতেছে ২-১ ব্যবধানে। অ্যাটলেটিকো ম্যাচের আগে চোটের সমস্যাও লুইস এনরিকের জন্য বাড়তি উদ্বেগের কারণ। অ্যালেক্স ভিদাল আগে থেকেই নেই। চোট থাকায় আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাচেরানোকেও হয়তো পাওয়া যাবে না। তবে এই ম্যাচ দিয়েই ফিরতে পারেন আরদা তুরান। ডিয়েগো সিমেওনের অধীনে খেলে আসা তুরস্কের এই মিডফিল্ডার অ্যাটলেটিকোর দুর্বলতাগুলো ভালোই জানেন!
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার লেভারকুসেনকে হারিয়ে অ্যাটলেটিকোর আত্মবিশ্বাসটা তুঙ্গস্পর্শী। তবে কোচ সিমিওনের উদ্বেগের কারণ হতে পারে চলতি মৌসুমে দলের অধারাবাহিক পারফরম্যান্স। যদিও লিগে সর্বশেষ তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস দলের সঙ্গী। এরপরও স্বস্তিতে থাকতে পারছেন না সিমিওনে। এবার লিগে যে টানা চার ম্যাচ জেতা হয়নি!
রিয়ালের ম্যাচটিও আজ প্রতিপক্ষের মাঠে। আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে পরাজিত রিয়ালের জন্য এটাই সবচেয়ে বড় চিন্তার। চলতি মৌসুমে ঘরের মাঠে দুটি মাত্র ম্যাচ হেরেছে ভিয়ারিয়াল। সেভিয়া আর বার্সেলোনার সঙ্গে করেছে ড্র। অ্যাটলেটিকোকে তো হারিয়েই দিয়েছে। কে জানে ভিয়ারিয়ালের মাঠ থেকে এবার কী নিয়ে ফেরেন জিদান! গোল, ইএসপিএন।