রিয়ালকে টপকে কাউবয়েজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৯ সালে যখন মালিকানা কিনে নিয়েছিলেন, অর্থের অঙ্কটা বাংলাদেশি টাকায় ছিল প্রায় ১ হাজার ৮৮ কোটি। ২৬ বছর পর সেই দলের মূল্য কত বাড়তে পারে, অনুমান করতে পেরেছিলেন জেরি জোন্স? বাস্তবতা সম্ভবত এই ডালাস কাউবয়েস মালিকের অনুমানকেও ছাপিয়ে গেছে। মূল্যস্ফীতিকে বিবেচনায় নিয়ে, আমেরিকান ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) এই ক্লাবটির দাম বেড়েছে প্রায় ১,৩৮২ শতাংশ! প্রায় ৩১ হাজার ২৪৩ কোটি টাকা মূল্য নিয়ে ফোর্বস-এর বার্ষিক জরিপে বিশ্বের সবচেয়ে দামি দলের তালিকার শীর্ষস্থানটি এখন ডালাসের।
ধনী দল হিসেবে দলটির এই উত্তরণে তালিকায় দুইয়ে নেমে গেছে গতবারের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ। শীর্ষ পাঁচে আছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। মূল্য সমান হওয়ায় এনএফএলের আরেক ক্লাব নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস এবং যুক্তরাষ্ট্রের বেসবল দল নিউইয়র্ক ইয়াঙ্কিস যৌথভাবে তৃতীয়।

সবচেয়ে দামি পাঁচ দল
সবচেয়ে দামি পাঁচ দল

সাফল্য ও ক্লাবের মূল্য পরস্পর সমান্তরাল—বহুল প্রচলিত এই ধারণাটাকেও ভেঙে দিয়েছে ডালাসের শীর্ষে ওঠা। প্রায় ২০ বছর ধরেই যে আমেরিকান ফুটবলের সর্বোচ্চ শিরোপা ‘সুপার বোল’ জিততে পারছে না তারা। তারপরও মূল্য বেড়েই চলেছে। নয় বছর ধরে এনএফএলের শীর্ষ দামি ক্লাব ডালাস। হবে না? মাঠে না হলেও মাঠের বাইরের পারফরম্যান্সটা যে বেশ ভালো তাদের! প্রতি মৌসুমে টিকিট বিক্রি থেকে আয় তো আছেই, ডালাসের বহুমুখী ব্যবহারযোগ্য মাঠের মৌসুম শেষের ‘অবসর’ সময়েও উপার্জন বেশ ভালো। সঙ্গে যুক্তরাষ্ট্রের ফুটবল লিগের প্রতিবছর জ্যামিতিক হারে বেড়ে চলা টিভিস্বত্ব থেকে পাওয়া আয় তো আছেই।
তালিকার শীর্ষ দশে ডালাস ও নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের বাইরে শীর্ষ দশে আমেরিকান ফুটবলের দল আছে আরও চারটি—ওয়াশিংটন রেডস্কিনস (৭), নিউইয়র্ক জায়ান্টস (৮), সান ফ্রান্সিস্কো ফরটি নাইনার্স (৯), এলএ লেকার্স (১০) ও নিউইয়র্ক জেটস (১০)। রিয়াল ও বার্সেলোনার বাইরে শীর্ষ দশে ফুটবলের একমাত্র প্রতিনিধি ম্যানচেস্টার ইউনাইটেড (৬)। ডেইলি মেইল, দ্য গার্ডিয়ান।