রিয়ালকে নতুন উচ্চতার হাতছানি
সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩৫ ম্যাচ অপরাজিত! ক্লাব রেকর্ডটা এরই মধ্যে ভেঙে ফেলেছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। এখন স্প্যানিশ রেকর্ডের হাতছানি। যে রেকর্ড আবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অধিকারে। গত মৌসুমে টানা ৩৯ ম্যাচ অপরাজিত ছিল লুইস এনরিকের দল।
তবে আপাতত বোধ হয় জিদান এত দূর না ভেবে শুধু ক্লাব বিশ্বকাপের কথাই ভাবছেন। গতকাল টোকিওতে পা রাখা রিয়াল আগামী পরশু সেমিফাইনালে মুখোমুখি হবে মেক্সিকোর ক্লাব আমেরিকার। সেটা জিতলে ১৮ ডিসেম্বর ইয়োকোহামা স্টেডিয়ামের ফাইনাল।
অর্থাৎ আর দুটি ম্যাচ জিতলেই ক্লাব বিশ্বকাপের ট্রফিটা রিয়াল মাদ্রিদের হবে। সঙ্গে আরেকটু এগিয়ে যাবে বার্সেলোনাকে ছোঁয়ার পথে। এরপর জানুয়ারির প্রথম দুই সপ্তাহে লা লিগায় গ্রানাডা আর সেভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ। এরই মধ্যে অবশ্য কোপা ডেল রের শেষ ষোলোর সূচিও ঠিক হয়ে যাবে। রিয়াল যদি অপরাজিত থাকতে পারে, বার্সাকে পেরিয়ে যাওয়ার অপেক্ষাটা দীর্ঘ হবে না।
তবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার ইউরোপিয়ান রেকর্ডটা রিয়াল কিংবা বার্সেলোনার বেশ দূরে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর দাবি, এখন পর্যন্ত পাওয়া সব পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে স্কটিশ ক্লাব সেল্টিক ১৯১৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬২ ম্যাচ অপরাজিত ছিল। সব ধরনের প্রতিযোগিতা আসলে শুধু স্কটিশ লিগ। ওই সময়টায় কোনো কারণে স্কটিশ কাপ হয়নি। সেল্টিকও তাই সুযোগ পায়নি অন্য কোনো টুর্নামেন্টে খেলার।
এ ছাড়া ২০১৪-১৫ মৌসুমে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেব টানা ৪৫ ম্যাচ হারেনি। তাদের এই দুর্দান্ত পথচলা থামে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৫-০ গোলে হেরে।
শুধু ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ পাঁচটি লিগ যদি বিবেচনা করা হয়, তাহলে রেকর্ডটা জুভেন্টাসের। ২০১১-১২ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল জুভরা। যে ৪৩ ম্যাচের প্রথমটিতে জুভেন্টাসের কোচ ছিলেন লুইজি দেলনেরি, বাকি ৪২টি ম্যাচে আন্তোনিও কন্তে। তবে জুভেন্টাসের সবগুলো ম্যাচই ছিল ঘরোয়া প্রতিযোগিতায়। ইউরোপা লিগ বা চ্যাম্পিয়নস লিগে ওই মৌসুমে সুযোগই পায়নি জুভেন্টাস।
১৯৯১-৯২ মৌসুমে টানা ৪২ ম্যাচ অপরাজিত ছিল এসি মিলানও। তাদের এই অজেয় ধারাটা শুরু হয়েছিল কোচ আরিগো সাচ্চির অধীনে। তবে শুরুর ম্যাচটা বাদে বাকি সবগুলোতেই মিলানের কোচ ছিলেন ফাবিও ক্যাপেলো। চমকপ্রদ যে, টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার পর জুভেন্টাসের কাছে হেরে আবার টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকে মিলান! তার মানে ক্যাপেলোর অধীনে ওই সময়ে ৭৮ ম্যাচের মাত্র একটিতে হারে মিলান!
ইংলিশ ক্লাবগুলোর মধ্যে সব ধরনের প্রতিযোগিতায় টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ব্রায়ান ক্লফের নটিংহাম ফরেস্টের। ১৯৭৮-৭৯ মৌসুমে তখনকার ইউরোপিয়ান কাপ জয়ের পথে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকে নটিংহাম। এর আগের মৌসুমেই ইউরোপের চ্যাম্পিয়ন ছিল লিভারপুল। কিন্তু তাদের শিরোপা ধরে রাখার স্বপ্ন সেবার ভেঙে গিয়েছিল নটিংহামের কাছে হেরে। ৪০ ম্যাচ পর আবার নটিংহামের অপরাজিত ধারাটাও থামিয়ে দেয় লিভারপুল। তথ্যসূত্র: গার্ডিয়ান।
টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত
ম্যাচ ক্লাব দেশ মৌসুম
৬২ সেল্টিক স্কটল্যান্ড ১৯১৫-১৭
৪৫ ডায়নামো জাগরেব ক্রোয়েশিয়া ২০১৪-১৫
৪৩ জুভেন্টাস ইতালি ২০১১-১২
৪২ মিলান ইতালি ১৯৯১-৯২
৪০ নটিংহাম ফরেস্ট ইংল্যান্ড ১৯৭৮-৭৯
* শুধু ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে