রিয়ালকে পেছনে ফেলল অ্যাটলেটিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাটলেটিকো-বেটিস ম্যাচের একটি দৃশ্য। ছবি: রয়টার্স।
অ্যাটলেটিকো-বেটিস ম্যাচের একটি দৃশ্য। ছবি: রয়টার্স।

বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের দ্বিতীয় স্থানটাও হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়ে বার্সেলোনার পরের স্থানটি দখল করে নিয়েছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ।

লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে অ্যাটলোটিকোর পয়েন্টের ব্যবধান ৪। তবে নগর-প্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে তারা এগিয়ে ২ পয়েন্টে।

ম্যাচের সপ্তম মিনিটেই স্প্যানিশ মিডফিল্ডার কোকের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ফার্নান্দো তোরেসের শট প্রথমে বেটিস গোলরক্ষক অ্যান্তনীয় আদান ফেরালেও ফিরতি বলে তা থেকে গোল করেন কোকে।

বাকি সময়টা আক্রমণাত্মক থাকলেও আর গোলের দেখা পায়নি অ্যাটলেটিকো। তবে ম্যাচের একেবারে শেষের দিকে অ্যান্তনি গ্রিয়েজম্যানের একটি শট বেটিসের পোস্টে লেগে প্রতিহত হয়।

ম্যাচ শেষে নিজের গোলটিতে স্বস্তি ঝরেছে কোকের কণ্ঠে। বলেছেন, ‘খেলার শুরুর দিতে আসা গোলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। খেলাটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। গোলটি আমাদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে। তবে আমরা এই ম্যাচটা জিততে পারতাম আরও বেশি গোলে।’

এই মুহূর্তে লিগে দ্বিতীয় স্থানটা ‘কৌতুককর’ই মনে হচ্ছে কোকের কাছে। বলেছেন, ‘এটা দারুণ মজার একটা ব্যাপার। তবে আমার মনে হয় লিগের তৃতীয় স্থানটাতেই আমাদের বেশি মনোযোগী হওয়া উচিত। তৃতীয় স্থানটাকে লক্ষ্য বানিয়েই আমাদের এগিয়ে যাওয়া উচিত। ভালো খেললে এরপর অনেক কিছুই সম্ভব।’ সূত্র: রয়টার্স।