রিয়ালকে বহিষ্কারের দাবি বার্সা শিবিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালকে কোপা ডেল রে থেকে বহিষ্কারের দাবি তুললেন আলভেস। ফাইল ছবি
রিয়ালকে কোপা ডেল রে থেকে বহিষ্কারের দাবি তুললেন আলভেস। ফাইল ছবি

এল ক্লাসিকোতে পরাজয়ের পরপরই সংবাদ সম্মেলনে এসেছিলেন। ফ্লোরেন্তিনো পেরেজ তখন কি ভাবতে পেরেছিলেন মাত্র এক সপ্তাহের মধ্যেই আবার আসতে হবে! ডেনিস চেরিশেভের নিষেধাজ্ঞা-বিতর্কে এখন স্প্যানিশ ফুটবল এতটাই উত্তাল, রিয়াল মাদ্রিদ সভাপতির সংবাদ সম্মেলন না করে উপায় ছিল না। দৃঢ়ভাবেই সেখানে আত্মপক্ষ সমর্থন করে পেরেজ দাবি করলেন, চেরিশেভকে খেলানোটা মোটেই অবৈধ ছিল না।

কিন্তু পেরেজের বিরুদ্ধমতের পাল্লাটাই ভারী। দানি আলভেস যেমন সরাসরি বলে দিলেন রিয়ালকে কোপা ডেল রে থেকে বহিষ্কার করা উচিত! কাদেনা কোপেকে বার্সা ডিফেন্ডার বলেছেন, ‘রিয়ালের মতো একটা ক্লাবে এ ধরনের ঘটনা কীভাবে ঘটে? ওদের অবশ্যই টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া উচিত, যে নিয়মের ভিত্তিতে আগের ম্যাচগুলো হয়েছে, সেই নিয়ম এখানেও প্রযোজ্য। এর বিরুদ্ধে কোনো চুক্তি দাঁড় করা চলে না।’

দুই দিন আগে কোপা ডেল রেতে কাদিজের বিপক্ষে ম্যাচটা নিয়েই যত বিতর্ক। ওই ম্যাচে রিয়ালের হয়ে নেমেছিলেন রুশ উইঙ্গার চেরিশেভ, গোলও পেয়েছিলেন। কিন্তু গত বছর ভিয়ারিয়ালের হয়ে খেলার সময় তিনটি লাল কার্ড পাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল তাঁর ওপর। খেলার জন্য যোগ্য নয় এমন খেলোয়াড়কে মাঠে নামানোর শাস্তি ওই দলকে টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করা।

স্প্যানিশ পত্রিকা মার্কা একটু অবাক, ‘প্রতিটি দলেরই দায়িত্বপ্রাপ্ত একজন লোক থাকেন যাঁর কাজ খেলোয়াড়দের নিষেধাজ্ঞা হালনাগাদ রাখা। রিয়ালের মতো ক্লাবে সে রকম কেউ নেই, এটি বিশ্বাস করাটা কঠিন।’ আর জেরার্ড পিকের কাছে এটি স্ট্যান্ডআপ কমেডিয়ানের কৌতুকের মতো মনে হচ্ছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন রিয়াল মাদ্রিদকে কোপা ডেল রে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখনো নেয়নি। তবে পেরেজ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, নিষেধাজ্ঞা এলে তিনি সর্বোচ্চ ক্রীড়া আদালতে কাছে যাবেন। এএস, মার্কা।