রিয়ালকে বাঁচালেন মডরিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে দুর্দান্ত, বাইরে গেলেই জবুথবু। দুই মাস ধরে এমন দশাই চলছিল রিয়াল মাদ্রিদের। শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠে গিয়ে তারা গেরোটা খুলতে পারল গত পরশু। গ্রানাডাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ, নভেম্বরের শেষ সপ্তাহের পর এই প্রথম তাদের ‘অ্যাওয়ে’ ম্যাচে জয়! এই জয়ের জন্য সবার আগে লুকা মডরিচকেই হয়তো ধন্যবাদ জানিয়েছেন কোচ জিনেদিন জিদান।
৮৪ মিনিট পর্যন্তও ড্র-ই মনে হচ্ছিল এ ম্যাচের সম্ভাব্য ফল। ৩০ মিনিটে ড্যানি কারভাহালের ক্রস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন করিম বেনজেমা। নিজের সেরা সময়ই কাটাচ্ছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার, গত পাঁচ ম্যাচে এটি তাঁর সপ্তম গোল। কিন্তু এর পরই গ্রানাডা চেপে ধরে দারুণভাবে। ম্যাচের ৬০ মিনিটে গোলও পেয়ে যায়। বদলি হিসেবে নেমেই ইউসেফ এল আরাবি গ্রানাডাকে এনে দিয়েছেন উদ্যাপনের উপলক্ষ।
মডরিচ এই গোলের জন্য মনে মনে হয়তো নিজেকেই দায়ী করেছিলেন। তাঁর ভুল থেকেই যে মধ্যমাঠে বল হারিয়ে গোল খেয়ে বসে রিয়াল। ৮৫ মিনিটে সেই ভুলের ‘প্রায়শ্চিত্ত’ করলেন ২৫ গজ দূর থেকে গোলার মতো এক শটে। শেষ পর্যন্ত জয় এসেছে ওই গোলেই।
জিনেদিন জিদানের বুকের ভারটা এখন নিশ্চয়ই নেমেছে। লা লিগায় শিরোপা জয়ের আশাটাও টিকে থাকল! সেটির পেছনে বড় অবদান যাঁর, সেই মডরিচকে আরও বেশি দূর থেকে শট নিতে উৎসাহিতই করছেন কোচ, ‘মডরিচের দারুণ গোলটাই আমাদের বাঁচিয়েছে, ৩ পয়েন্ট এনে দিয়েছে। আমি ওর জন্য খুশি, আমি চাই ও এ রকম আরও গোল করুক।’ মডরিচ কিন্তু দূরপাল্লার শটে গোল করার জন্য বিখ্যাত। রিয়ালের হয়ে তাঁর ৯টি গোলের ৮টি গোলই বক্সের বাইরে থেকে করা!
প্রতিপক্ষের মাঠে জয় পেয়ে স্বস্তি ফিরেছে রিয়াল শিবিরে, তবে এমন কষ্টে পাওয়া জয় আরেক দিক দিয়ে অশনিসংকেতও। তার ওপর চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব শুরু হচ্ছে মাত্রই ১০ দিন পর! জিদান একটু আত্মপক্ষই সমর্থন করেছেন, ‘আমরা যখন অন্যদের মাঠে খেলি, তখন তাদের সমর্থকেরাও দলের পেছনে থাকে। এটা খুবই স্বাভাবিক যে কাজটা সহজ হবে না। সহজ ম্যাচ বলতে কিছু নেইও।’ রিয়ালকে চেপে ধরেও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় গ্রানাডার কোচ হোসে র্যামন সান্দোভাল স্বাভাবিকভাবেই হতাশ, ‘চূড়ান্ত ফলটা আমাদের ঠিক প্রাপ্য নয়। এভাবে ম্যাচ হেরে যাওয়ায় আমি কিছুটা বিরক্তও।’
এই জয়ের পর লিগে ৫০ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলেও ৫৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সা। ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। এএফপি, গোলডটকম।