রিয়ালকে বিদায় ক্যাসিয়াসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে কান্না চেপে রাখতে পারলেন না ক্যাসিয়াস l এএফপি
সংবাদ সম্মেলনে কান্না চেপে রাখতে পারলেন না ক্যাসিয়াস l এএফপি

তিন বছর আগে হোসে মরিনহো যখন বেঞ্চে বসিয়ে রেখেছিলেন, তখনো হাল ছাড়েননি। পরে ঠিকই প্রথম একাদশে ফিরেছেন, অধিনায়কের বাহুবন্ধনী পরেই হাতে তুলেছেন চ্যাম্পিয়নস লিগের দশম ট্রফি—লা ডেসিমা। কিন্তু যে ক্লাব সাক্ষী তাঁর জীবনের সব ‘প্রথমে’র, ক্যারিয়ারের শেষটা সেখানে হচ্ছে না। রিয়াল মাদ্রিদ পরশু নিশ্চিত করেছে, পর্তুগালের ক্লাব এফসি পোর্তোই হচ্ছে ইকার ক্যাসিয়াসের নতুন ঠিকানা।
কাল সংবাদ সম্মেলনে জোর হাসার চেষ্টা করলেও বোঝা যাচ্ছিল, মনের মধ্যে কতটা ঝড় বয়ে যাছে। শেষ পর্যন্ত আবেগটা সংবরণ করতে পারেননি, হাত দিয়ে আড়াল করেছেন অশ্রু। পরে সামলে উঠে জানিয়েছেন, সিদ্ধান্তটা নেওয়া কতটা কঠিন ছিল, ‘কঠিন দিনটা এসে গেছে, আমাকে এখন বিদায় বলতে হবে। ভালো বা খারাপ গোলরক্ষক হিসেবে নয়, আমি চাই রিয়াল সমর্থকেরা আমাকে
একজন ভালো মানুষ হিসেবে মনে রাখুক। তবে আমি জানি, এটাই শেষ নয়, একদিন আবার আমাদের দেখা হবে।’
নয় বছর বয়সে বাবার হাত ধরে এসেছিলেন রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে। এরপর থেকে রিয়াল মাদ্রিদ আর ক্যাসিয়াস নাম দুটি হয়ে গেছে প্রায় সমার্থক। বিশ্বস্ত হাতে রিয়ালের গোলপোস্ট সামলেছেন বছরের পর বছর, ১৬ মৌসুমে জিতেছেন ১৮টি ট্রফি। ‘সন্ত’ ইকার নামটা তো এমনি এমনি হয়নি! নিজেদের ওয়েবসাইটে রিয়াল তাই পেশাদারির খোলসটা ছেড়ে মুখর ক্যাসিয়াস-বন্দনায়, ‘ইকার চলে যাচ্ছে, কিন্তু তাঁর স্মৃতি থেকে যাবে। ধন্যবাদ ইকার, সবকিছুর জন্য! ধন্যবাদ, আমাদের ইতিহাসের এক সেরার প্রতীক হয়ে থাকার জন্য। রিয়াল মাদ্রিদের হৃদয়ে আপনি চিরকালই থাকবেন।’
৩৪ বছর বয়সী ক্যাসিয়াসের চুক্তিটির বাকি ছিল আরও দুই বছর। তার আগেই তাঁর বিদায়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ডেভিড ডি গিয়াকে আনার গুঞ্জনটা এখন আরও জোরালো। কিন্তু ক্যাসিয়াস এত দিনের ঠিকানা ছেড়ে কম খুশিমনে যেতে পারছেন? স্প্যানিশ দৈনিক এল মুন্দোকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাসিয়াসের বাবা হোসে লুইস ও মা মারিয়া কারমেন দাবি করেছেন, ক্যাসিয়াসকে ক্লাব থেকে একরকম বেরই করে দিয়েছেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ২০০৯ সালের আর্থিক অনিয়মের ঘটনা নিয়ে ক্যাসিয়াস আইনি ব্যবস্থা নিয়েছিলেন রিয়ালের বিরুদ্ধে। সেই রাগটাও পুষে রেখেছেন পেরেজ। ক্যাসিয়াসের মা তো এমনও বলেছেন, পোর্তো ক্যাসিয়াসের জন্য তৃতীয় শ্রেণির ক্লাবের মতোই।
অভিযোগ সত্যি হোক বা না হোক, ক্যাসিয়াস নিশ্চয়ই এই সময় এমন বিতর্ক চাননি! এএফপি, রয়টার্স।
রিয়ালের ক্যাসিয়াস
অভিষেক
২৭ নভেম্বর, ১৯৯৭
অর্জন
লা লিগা
২০০০-০১, ২০০২-০৩, ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০১১-১২
কোপা ডেল রে
২০১০-১১, ২০১৩-১৪
স্প্যানিশ সুপার কাপ
২০০১, ২০০৩, ২০০৮, ২০১২
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
১৯৯৯-০০, ২০০১-০২, ২০১৩-১৪
উয়েফা সুপার কাপ
২০০২, ২০১৪
ফিফা ক্লাব বিশ্বকাপ : ২০১৪
ইন্টারকন্টিনেন্টাল কাপ: ২০০২
লা লিগা বর্ষসেরা গোলরক্ষক ২০০৯, ২০১২
ইউরোপ সেরা গোলরক্ষক: ২০১০