রিয়ালকে রাকিতিচের 'সমর্থন' নিয়ে তোলপাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডরিচকে শুভকামনা জানাতে গিয়ে অশুভ চক্করে পড়েছেন রাকিতিচ। ছবি: এএফপি।
মডরিচকে শুভকামনা জানাতে গিয়ে অশুভ চক্করে পড়েছেন রাকিতিচ। ছবি: এএফপি।

গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোলের শুরুটা করেছিলেন ইভান রাকিতিচ। জুভেন্টাসকে হারিয়ে শিরোপাও জিতেছিল বার্সেলোনা। এবার বার্সার যাত্রা শেষ হয়েছে শেষ আটে। সেই জ্বালা এখনো জুড়োয়নি বার্সেলোনার। এরই মধ্যে রাকিতিচ যদি বলে বসেন, তিনি চান রিয়াল মাদ্রিদ শিরোপা জিতুক, বার্সা সমর্থকেরা হজম করবে কীভাবে? এ নিয়েই শুরু হলো গুঞ্জন। বার্সেলোনা সমর্থকদের ক্ষোভ সেই গুঞ্জনকে গর্জনেই রূপ দিচ্ছিল। সে রকম কিছু হওয়ার আগেই রাকিতিচ তাঁদের শান্ত করলেন। নিজের টুইটার থেকে জানালেন, ‘কিছু কিছু মানুষের দো-ভাষী পরিবর্তন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমি লুকাকে শুভকামনা জানিয়েছি শুধু, কোথাও বলিনি, রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতুক!’
ঝামেলাটা শুরু করেছিল টিপোর্টাল নামক এক সংবাদমাধ্যম। তাদের এক সংবাদে জানানো হয়, চ্যাম্পিয়নস লিগ রিয়াল জিতুক—এটাই রাকিতিচের চাওয়া, ‘আমি চাই লুকা মডরিচ রিয়াল মাদ্রিদকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতুক। তাহলে ইউরো ২০১৬–তে সেটা জাতীয় দলেও অনেক কাজে আসবে।’
দুজনই খেলেন ক্রোয়েশিয়া দলে। মডরিচের ক্রোয়েশিয়ান সতীর্থ হিসেবে রাকিতিচের চিন্তাটায় নেতিবাচক কিছু তো নেই। কিন্তু রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতুক—এই প্রার্থনা কীভাবে একজন বার্সা তারকা করে, এ নিয়েই শুরু হয়ে যায় তোলপাড়। বার্সেলোনা সমর্থকদের সাফ কথা, রিয়ালকে সমর্থন করতে হলে বার্সেলোনায় থেকে করা যাবে না। 

পরে রাকিতিচও টুইট করে ব্যাখ্যা দেন, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ জিতুক, এটা কোথাও বলেননি তিনি। মডরিচের সাফল্য কামনা আর রিয়াল মাদ্রিদের সাফল্য কামনা এক জিনিস নয়। সূত্র : গোল ডটকম।