রিয়ালকে রুখে দিল লেভান্তে
লা লিগায় রিয়াল মাদ্রিদের দুর্ভাগ্যের যেন শেষ নেই। জিনেদিন জিদানের দল আবারও হারিয়েছে ২ পয়েন্ট। এবার লেভান্তের সঙ্গে ২-২ গোলে ড্র করে লা লিগায় চতুর্থ স্থানেই রয়ে গেল তারা। এ ম্যাচে জিতলে ভ্যালেন্সিয়াকে টপকে লা লিগায় তৃতীয় স্থানে চলে যেতে পারত তারা।
সার্জিও রামোস চোট কাটিয়ে ফিরেই দলকে এগিয়ে দিয়েছিলেন। পুরো প্রথমার্ধেই দাপটের সঙ্গে খেলেছে রিয়াল। কিন্তু ৪১ মিনিটে লেভান্তে সমতা ফেরায় ঘানাইয়ান স্ট্রাইকার ইমানুয়েল বোয়াটেংয়ের গোলে। প্রথমার্ধ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে ইসকোর গোলে আবারও এগিয়ে গিয়েছিল রিয়াল। তাদের জয়টা যখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল ঠিক সে সময়ই ধারে আসা ইতালীয় ফুটবলার জামপাওলো পাৎজিনি আঘাত হানেন। তবে ম্যাচের ৮৯ মিনিটে রিয়াল রক্ষণের ভুলে বক্সে একা বল পেয়ে যান পাৎজিনি। তাঁর শট নাভাসের গ্লাভসে লাগলেও জালে যাওয়া আটকাতে পারেনি। ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।
এ মৌসুমে লেভান্তের সঙ্গে দ্বিতীয়বার ড্র করল রিয়াল। মৌসুমের শুরুতে বার্নাব্যুর ম্যাচও ১-১ গোলে সমতা শেষ হয়। অথচ এ মৌসুমের আগে ২০ বারের দেখায় ১৬ বার জিতেছিল রিয়াল, আর লেভান্তে জিতেছিল তিনটিতে।
এ ম্যাচে ড্রয়ের ফলে এখন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে গেল ক্রিস্টিয়ানোর রোনালদোর দল।